কলকাতা, নভেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- নন্দীগ্রামে শিল্প-কলকারখানা স্থাপনের জন্য কৃষকদের সঙ্গে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের প্রতিবাদে কলকাতায় বুধবার সহিংস বিক্ষোভ সামাল দিতে সেনা মাঠে নামানো হয়েছে।
বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে রাস্তার মোড়ে মোড়ে অস্ত্র হাতে পাহারায় আছে সেনারা। বিক্ষোভকারীরা ইতোমধ্যেই গাড়ি ভাঙচুর করাসহ বেশকিছু যানবাহন পুড়িয়ে দিয়েছে। পূর্বসতর্কতামূলক ব্যবস্থা হিসাবে কলকাতার কেন্দ্র ও পূর্বাঞ্চলের কয়েকটি জায়গায় রাতের বেলা কারফিউ জারি করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
কলকাতার মতো এতবড় নগরীতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় সেনা মোতায়েনের ঘটনা বহু বছরের মধ্যে এটিই প্রথম। পশ্চিমবঙ্গের কমিউনিস্ট শাসকদের বিরুদ্ধে এমনিতেই সহিংসতা বন্ধে ব্যর্থতার অভিযোগ রয়েছে। তারওপর রাজ্যে সহিংসতা দমনে সেনা মোতায়েনের এই ঘটনা তাদের জন্য আরও বিব্রতকর বলেই মন্তব্য করছেন বিশ্লেষকরা।
অল ইন্ডিয়া মেজরিটি ফোরাম বিক্ষোভ মিছিলের ডাক দেওয়ার পরই সমস্যার সূত্রপাত হয়। কলকাতার কেন্দ্রস্থলে বিক্ষোভকারীরা দাঙ্গা পুলিশের দিকে পাথর ও বোতল ছুঁড়ে মারে। পুািলশও এর জবাব দেয় টিয়ারগ্যাস ছুঁড়ে এবং এলাকা অবরোধ করে দিয়ে। সহিংসতায় কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৪০ টি গাড়ি।
এর আগে মঙ্গলবার ভারতে বিহারের লক্ষীসরাই জেলায় নন্দিগ্রাম নিয়ে বিরোধের জেরে রেললাইনের অংশবিশেষ উড়িয়ে মাওবাদীরা। পার্শ্ববর্তী পশ্চিম বাংলার প্রতিবাদে মাওবাদীরা ওই হামলা চালায়।
নন্দীগ্রামে কৃষিজমির ওপর রাসায়নিক কারখানা স্থাপনে পশ্চিম বাংলার বামপন্থী সরকারের উদ্যোগের বিরুদ্ধে স্থানীয় জনগণ এবং বিরোধী দলের সঙ্গে পার্শ্ববর্তী অঞ্চলের মাওবাদী গেরিলারা যোগ দেওয়ায় পরিস্থিতির অবনতি ঘটেছে।
এ মাসের শুরুতে ক্ষমতাসীন কম্যুনিস্ট পার্টির লোকজন আবার সেখানে আস্তানা গাড়তে চাইলে নতুন করে সংঘর্ষ শুরু হয় এবং কমপক্ষে ৬ গ্রামবাসী নিহত হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২১২ ঘ.
bdnews24