২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেসামরিক প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পথে মুশাররফ

সৌদি আরব থেকে দেশে ফিরে বেসমরিক প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পথে এগুচ্ছেন মুশাররফ। আগামী শনি ও রোবারের মধ্যেই তিনি এ শপথ নেবেন বলে আশা করা হচ্ছে। পাকিস্তানের এটর্নি জেনারেল মালিক কাইয়ুম রয়টার্সকে একথা বলেছেন। >> নওয়াজের সঙ্গে আলোচনা ছাড়াই দেশে ফিরলেন মুশাররফ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2007, 02:10 PM

Updated : 26 Aug 2022, 08:58 PM

ইসলামাবাদ, নভেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- সৌদি আরব থেকে দেশে ফিরে বেসমরিক প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পথে এগুচ্ছেন মুশাররফ। আগামী শনি ও রোবারের মধ্যেই তিনি এ শপথ নেবেন বলে আশা করা হচ্ছে। পাকিস্তানের এটর্নি জেনারেল মালিক কাইয়ুম রয়টার্সকে একথা বলেছেন। জরুরি অবস্থা জারির পর আটককৃত হাজার হাজার আইনজীবী ও বিরোধীদলীয় কর্মীকে মুশাররফ ইতোমধ্যেই মুক্তি দিয়েছেন। মঙ্গলবার পাকিস্তান কর্তৃপক্ষ ৫ হাজার বন্দির মুক্তি ঘোষণা করে জরুরি অবস্থা শিথিল করার ইঙ্গিত দিয়েছে। আরও ২ হাজার জনকে শিগগিরিই মুক্তি দেওয়া হবে বলেও জানিয়েছে সরকার। যুক্তরাষ্ট্র সরকার মুশাররফের জরুরি অবস্থা জারির পদক্ষেপের সমালোচনা করলেও সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে এই মিত্র দেশটিকে ৮ জানুয়ারির পার্লামেন্ট নির্বাচনের আগে সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য সময় ও সুযোগ দিয়েছে। বুধবার এবিসি নিউজে এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বলেছেন, "মুশাররফ খুব শিগগিরিই উর্দি ছাড়ছেন বলে কথা দিয়েছেন। আজ তিনি আটককৃতদের মুক্তি দিয়েছেন এবং এ পর্যন্ত তাকে আমি কথা দিয়ে কথা রাখার মতো মানুষ হিসাবেই দেখেছি।" উল্লেখ্য, পাকিস্তানে জঙ্গিবাদী তৎপরতা বেড়ে যাওয়ার অজুহাতে মুশাররফ জরুরি অবস্থা জারি করেছিলেন। কিন্তু তার মূল লক্ষ্য ছিল সুপ্রিম কোর্টের ওইসব বিচারকদের অপসারণ করা-- যারা পুনর্র্নিবাচনে তার জয় ঘোষণায় বাধা হয়ে দাঁড়াতে পারতেন। আদালত এখন সরকারপন্থি বিচারকে পরিপূর্ণ। সুপ্রিম কোর্টের সব রায় এখন মুশাররফের পক্ষেই যাচ্ছে। সেনাপ্রধানের পদে থেকেই মুশাররফের ২য় দফা নির্বাচনকে বৈধতা দিয়ে তার বিরুদ্ধে আনা বেশিরভাগ অভিযোগ খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তার বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগের পাঁচটিতেই তার পক্ষে রায় দিয়েছে সুপ্রিম কোর্টের নবনিযুক্ত বিচারপতিদের ১০ সদস্যের বেঞ্চ। বৃহস্পতিবার ষষ্ঠ এবং চূড়ান্ত অভিযোগটিও খারিজ হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। জরুরি অবস্থা জারির পর মুশাররফ ঘোষণা করেছিলেন, আদালত তার ৬ অক্টোবরের ২য় দফা নির্বাচনের বৈধতা দিলে তিনি যত দ্রুত সম্ভব সেনাপ্রধানের পদ ছেড়ে দিয়ে বেসামরিক প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। "বৃহস্পতিবার সর্বশেষ অভিযোগের শুনানি শেষে দ্রুতই রায় হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এরপর শনি অথবা রোববারই মুশাররফ প্রতিশ্র"তি অনুযায়ী বেসামরিক প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন।" এটর্নি জেনারেল মালিক কাইয়ুম রয়টার্সকে একথা বলেন। আটককৃতরা অনেকেই মুক্তি পেলেও বরখাস্ত হওয়া বিচারকরা এখনও গৃহবন্দী। নির্বাচনে মুশাররফের বিরুদ্ধে লড়া ওয়াজিহউদ্দিন আহমেদকে সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরীর সঙ্গে দেখা করতে দেয়নি পুলিশ। আহমেদ বলেন, "আমরা বরখাস্ত বিচারকদের স্বপদে পুনর্বহাল করা এবং বর্তমান বিচারকদের অপসারণ দাবি করছি। কারণ,তারা বিচারক নন। সরকারের হাতের পুতুল মাত্র।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮০৪ঘ.