২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যপ্রাচ্য শান্তি সম্মেলন ২৭ নভেম্বর: যুক্তরাষ্ট্র

মেরিল্যান্ডের আনাপোলিসে ২৭ নভেম্বরে মধ্যপ্রাচ্য শান্তি সম্মেলন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই সম্মেলন থেকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হতে পারে বলে ওয়াশিংটন আশা করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2007, 10:46 AM

Updated : 26 Aug 2022, 08:58 PM

ওয়াশিংটন, নভেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মেরিল্যান্ডের আনাপোলিসে ২৭ নভেম্বরে মধ্যপ্রাচ্য শান্তি সম্মেলন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই সম্মেলন থেকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হতে পারে বলে ওয়াশিংটন আশা করছে। মার্কিন পররাষ্ট্র দফতর বলেছে, নৌ-একাডেমিতে আয়োজিত ওই বৈঠকে ইসরায়েল এবং ফিলিস্তিনের পাশাপাশি সিরিয়া ও সৌদি আরবসহ আরও প্রায় ৪০ টি দেশকে আমন্ত্রণ জানিয়েছে যুক্তরাষ্ট্র। গাজা দখলে রাখা ফিলিস্তিনি গেরিলা দল হামাসকে ওয়াশিংটন সন্ত্রাসী সংগঠন হিসাবেই দেখে। সেকারণে তাদেরকে সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি। ইসরায়েল-ফিলিস্তিনের প্রায় ৬ দশকব্যাপী সংঘর্ষ সমাধানে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের জোর প্রচেষ্টায় অনেক বাধার মুখেও আয়োজিত হয়েছে এই সম্মেলন। সম্মেলনে নানা প্রতিবন্ধকতার মধ্যে অন্যতম হচ্ছে ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের রাজনৈতিক দুর্বলতা। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সিয়ান ম্যাককরম্যাক বলেছেন, " আনাপোলিস সম্মেলন ইসরায়েল ও ফিলিস্তিনের নেতাদের সাহসী প্রচেষ্টায় বড় ধরনের আন্তর্জাতিক সমর্থন বয়ে আনবে এবং একইসঙ্গে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা প্রশ্নে আলোচনা শুরুর পট প্রস্তুত করবে।" তবে সীমান্ত, নিরাপত্তা, ইহুদি বসতি, জেরুজালেমের মর্যাদা এবং ফিলিস্তিনি শরণার্থীদের ভাগ্য নির্ধারণের মত মূল ইস্যুগুলো সমাধানে সম্মেলনের আলোচনা কতদূর গড়াবে তা স্পষ্ট নয়। কারণ, এর আগে এই ইস্যুগুলো নিয়ে সংঘর্ষ সমাধানের অনেক চেষ্টাই ব্যর্থ হয়েছে। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মেডেলিন অলব্রাইট রয়টার্সকে বলেছেন, "এটি একটি দীর্ঘ পথের সূচনা মাত্র। আমি মনে করি এ সম্মেলন থেকে সফলতার আশা খুবই ক্ষীণ।" সম্মেলনের ঘোষণার আগে প্রেসিডেন্ট বুশ সৌদি আরবের সহায়তা চেয়েছেন। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য শান্তি প্রচেষ্টায় সৌদি আরবের সমর্থনকে গুরুত্বপূর্ণ মনে করছে। বুশ ব্যক্তিগতভাবে সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহকে েেডকে পাঠিয়েছেন। হোয়াইট হাউসের মুখপাত্র গর্ডন জন্দ্রয়ে একথা বলেছেন। সৌদি আরবের উপস্থিতি আব্বাসকে কোনো আপসরফায় রাজি করাতে সহায়ক হতে পারে বলে মনে করছে ওয়াশিংটন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪৩৩ঘ.