২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুশাররফের পক্ষে রায় দিল পাকিস্তানের সুপ্রিম কোর্ট

সেনাপ্রধানের পদে থেকেই জেনারেল পারভেজ মুশাররফের দ্বিতীয়দফা নির্বাচনকে বৈধতা দিয়ে তার বিরুদ্ধে আনা বেশিরভাগ অভিযোগই খারিজ করে দিয়েছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। ফলে গত ৬ অক্টোবরের বিতর্কিত নির্বাচনে বিজয়ের মাধ্যমে দ্বিতীয় মেয়াদে পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পেতে যাচ্ছেন মুশাররফ। >>পাকিস্তানে ৮ জানুয়ারি নির্বাচন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2007, 11:37 AM

Updated : 26 Aug 2022, 08:57 PM

ইসলামাবাদ, নভেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সেনাপ্রধানের পদে থেকেই জেনারেল পারভেজ মুশাররফের দ্বিতীয়দফা নির্বাচনকে বৈধতা দিয়ে তার বিরুদ্ধে আনা বেশিরভাগ অভিযোগই খারিজ করে দিয়েছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। ফলে গত ৬ অক্টোবরের বিতর্কিত নির্বাচনে বিজয়ের মাধ্যমে দ্বিতীয় মেয়াদে পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পেতে যাচ্ছেন মুশাররফ। তার বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগের পাঁচটিতেই তার পক্ষে রায় দিয়েছে সুপ্রিম কোর্টের নবনিযুক্ত বিচারপতিদের ১০ সদস্যের বেঞ্চ। ষষ্ঠ এবং চূড়ান্ত অভিযোগটির শুনানি হবে আগামী বৃহস্পতিবার। অ্যাটর্নি জেনারেল মালিক কাইয়ুম একথা জানিয়েছেন। ৩ নভেম্বর জরুরি অবস্থা জারির পর সুপ্রিম কোর্টের বেশ কয়েকজন বিচারপতিকে পদচ্যুত করাসহ প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরীকে দ্বিতীয় দফায় বরখাস্ত করে নতুন প্রধান বিচারপতিসহ অন্যান্য বিচারপতিদের নিয়োগ দেন মুশাররফ। নিজের পক্ষে আদালতের রায় নিতেই মুশাররফ ওই পদক্ষেপ নিয়েছিলেন বলে তখনই ধারণা করা হয়েছিল। জরুরি অবস্থা জারির পর মুশাররফ ঘোষণা করেছিলেন যে, আদালত তার ৬ অক্টোবরের দ্বিতীয়দফা নির্বাচনের বৈধতা দিলে তিনি যতো দ্রুত সম্ভব সেনাপ্রধানের পদ ছেড়ে দিয়ে একজন বেসামরিক প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। এদিকে যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী ও বিশেষ দূত জন নিগ্রোপন্টের পাকিস্তান সফরের একদিন পরই রোববার রাতে আগামী ৮ জানুয়ারি সাধারণ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন মুশাররফ। নির্বাচনের তারিখ ঘোষণা করলেও জরুরি অবস্থা তুলে নেওয়া প্রসঙ্গে কোনো কিছুই জানাননি তিনি। নিগ্রোপন্টে পাকিস্তান সফরে এসে জরুরি অবস্থা তুলে নিতে ও যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানে তার কথা রাখতে মুশাররফকে অনুরোধ জানান। বিরোধী দলীয় নেত্রী বেনজিরের সঙ্গে মুশাররফের একটি সমঝোতা প্রচেষ্টাকে পুনরায় চাঙ্গা করারও চেষ্টা চালান তিনি। তবে ওই প্রচেষ্টার কোনো ফলাফলের কথা জানা যায়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭১৫ ঘ.