ইসলামাবাদ, নভেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আগামী ৮ জানুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন সেনাশাসক জেনারেল পারভেজ মুশাররফ। তবে নির্বাচনের আগে জরুরি অবস্থা তুলে নেওয়া হবে কি না সে সম্পর্কে কিছু জানাননি তিনি।
এর আগে জরুরি অবস্থা জারির পর দেশে-বিদেশে চাপের মুখে ৯ জানুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছিলেন তিনি। মুশাররফ তখন বলেছিলেন নির্বাচন কমিশনই নির্বাচনের তারিখ চূড়ান্ত করবে। সে অনুযায়ী রোববার নির্বাচন কমিশনের ৮ জানুয়ারি সাধারণ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণাকে সমর্থন করেন জেনারেল মুশাররফ।
মুশাররফ বলেছেন, " ইনশাল্লাহ্, আগামী ৮ জানুয়ারি দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।" পাকিস্তানের সরকারি বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস অফ পাকিস্তান রোববার গভীর রাতে একথা জানিয়েছে।
পাকিস্তানে জরুরি অবস্থা তুলে নেওয়া এবং সময়মতো নির্বাচন অনুষ্ঠানে জেনারেল মুশাররফকে চাপ দিতে দেশটি সফর করেন মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী এবং বুশ প্রশাসনের বিশেষ দূত জন নিগ্রোপন্টে। মার্কিন দূত মুশাররফের সঙ্গে সাক্ষাতের একদিন পরই তিনি এ ঘোষণা দিলেন।
মার্কিন দূত দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো সহ উধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে নিগ্রোপন্টে শনিবার বলেছেন, একটি সুষ্ঠু, অবাধ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের সঙ্গে জরুরি অবস্থা সাযুজ্যপূর্ণ নয়। রোববার পাকিস্তান ছেড়ে যান নিগ্রোপন্টে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এসকে/১২০৫ ঘ.
bdnews24