সিঙ্গাপুর, নভেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সিঙ্গাপুরে আসিয়ান সম্মেলন চলাকালে মিয়ানমারের সামরিক জান্তাবিরোধী বিক্ষোভ সমাবেশ নিষিদ্ধ করেছে দেশটির সরকার। মিয়ানমারের জান্তা সরকারের প্রধানমন্ত্রী থিন সিন ওই সম্মেলনে অংশগ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে। সম্মেলনে জান্তা সরকারের অংশগ্রহণের প্রতিবাদে এবং দেশটিতে গণতন্ত্রের দাবিতে মিয়ানমারের গণতন্ত্রপন্থী প্রবাসী নাগরিকদের কয়েকটি সংগঠনসহ সিঙ্গাপুরের প্রধান বিরোধী দল সম্মেলন কেন্দ্রের বাইরে বিক্ষোভ সমাবেশ করতে চাইলেও পুলিশ তাদের অনুমতি দেয়নি।
সিঙ্গাপুরের নিয়ম অনুযায়ী একত্রে ৪ জনের বেশি লোকের যে কোনো জনসমাগমের জন্যই পুলিশের অনুমতি নিতে হয়। কিন্তু নিয়মানুযায়ী আবেদন করলেও সিঙ্গাপুরের প্রধান বিরোধী দল এসডিপিসহ মিয়ানমারের প্রবাসী নাগরিকদের কোনো সংগঠনকেই অনুমতি দেওয়া হয়নি।
সিঙ্গাপুরের এক পুলিশ কর্মকর্তা রয়টার্সকে জানান, খোলা জায়গায় বিক্ষোভের জন্য দুটি আবেদন নাকচ করে দেওয়া হয়েছে এবং কেবলমাত্র একটি সংগঠনকে একটি নির্দিষ্ট মিলনায়তনের ভেতরে সীমিত বিক্ষোভের অনুমতি দেওয়া হয়েছে। তবে কবে কোথায় এবং কোন সংগঠনকে ওই অনুমতি দেওয়া হয়েছে সে বিষয়ে কিছু জানাতে রাজি হয়নি পুলিশ।
দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন আসিয়ান তাদের ৪০ বছর পূর্তির প্রাক্কালে আগামী মঙ্গলবার সিঙ্গাপুর সম্মেলনে একটি গুরুত্বপূর্ণ আইনি সনদে স্বাক্ষর করতে যাচ্ছে। এ সম্মেলনে চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও ও জাপানের নতুন প্রধানমন্ত্রী ইয়াসুয়ো ফুকুদাসহ আসিয়ান দেশগুলোর শীর্ষ নেতারা অংশগ্রহণ করবেন।
মিয়ানমারের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত দেশটিকে আসিয়ানের বাইরে রাখার জন্য পশ্চিমাদের চাপ থাকলেও সংগঠনটি বলছে, সাংগঠনিক কাঠামোর আওতায় থেকেই মিয়ানমারকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনার লক্ষ্যে চাপ প্রয়োগ করা সম্ভব।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এজে/১৬৩২ ঘ.
bdnews24