ইসলামাবাদ, নভেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - প্রতিশ্র"ত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ তত্ত্বাবধায়ক সরকার ঘোষণার সিদ্ধান্ত নিয়েছেন। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলাপ-আলোচনা হওয়ার পর এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে মুশাররফ প্রশাসন। কিন্তু, বিরোধী দলগুলো জানিয়েছে, এ বিষয়ে তাদের সঙ্গে আলাপ-আলোচনা হয়নি এবং জরুরি অবস্থার মধ্যে মুশাররফ এমন পদক্ষেপ নিলে তা পাকিস্তানের জন্য কলঙ্ক হয়ে দাঁড়াবে।
আরেক মেয়াদে পাকিস্তানের প্রেসিডেন্ট হওয়ার জন্য জোর চেষ্টা চালিয়ে আসছেন সেনাপ্রধান মুশরাররফ। গত ৩ নভেম্বর পাকিস্তানে জরুরি অবস্থা জারির পর তিনি সংববিধান স্থগিত, সংবাদ মাধ্যমের ওপর নিয়ন্ত্রণ, শ'শ' আইনজীবী এবং হাজার হাজার রাজনৈতিক ও মানবাধিকার কর্মীকে আটক করেছেন। বিরোধীদের বিরুদ্ধে অব্যাহত রেখেছেন তার অভিযান।
এমন অবস্থায় শিগগির পরমাণু অস্ত্রসমৃদ্ধ পাকিস্তানে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য দেশি-বিদেশি চাপের মুখে মুশাররফ আগামী ৯ জানুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্র"তি দিয়েছেন। তবে কবে নাগাদ সংবিধান পুনঃস্থাপিত হবে বা জরুরি অবস্থা প্রত্যাহার করা হবে সে সম্পর্কে তিনি কিছু বলেন নি। বরং বলেছেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করবে জরুরি অবস্থা।
কিন্তু বিরোধী দলগুলো জরুরি অবস্থার মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ধারণা প্রত্যাখান করেছে। পাকিস্তানের প্রধান বিরোধী দল পিপিপি'র সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো বলেছেন, আগামী সপ্তাহে বিরোধী দলগুলোর এক বৈঠকে নির্বাচন বয়কট করার সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার জাতীয় পরিষদের মেয়াদ শেষ এবং নির্বাচন আয়োজনের জন্য একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করা প্রয়োজন। আর তত্ত্বাবধায়ক সরকার নিয়োগ দেওয়ার দায়িত্ব প্রেসিডেন্ট মুশাররফের।
ওদিকে, পাকিস্তানের পত্রিকাগুলোর বৃহস্পতিবারের সংখ্যায় সম্ভাব্য অন্তর্র্বতী প্রধানমন্ত্রী হিসাবে সিনেট সভাপতি মোহাম্মাদমিয়ান সুমরোর নাম জানানো হয়েছে। আশা করা হচ্ছে, অন্তর্র্বতী প্রধানমন্ত্রী হিসাবে সুমরোকে নিয়োগ দেওয়া হলে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যারা আন্দোলন করছেন তারা তাকে স্বাগত জানাবেন।
তত্ত্বাবধায়ক সরকার গঠন সম্পর্কে পাকিস্তানের তথ্য উপমন্ত্রী তারিক আজিম খান জানিয়েছেন, আলাপ-আলোচনা হয়ে গেছে এবং তিনি একটি তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে আশাবাদী। তিনি আশা করছেন, এ সরকার শুক্রবার শপথ নেবে এবং সবার কাছে তা গ্রহণযোগ্য হবে।
তিনি বলেন, "এ বিষয়ে সরাসরি কোনো আলোচনা হয়নি। বিভিন্ন মাধ্যমে ব্যক্তিগতভাবে আলাপ-আলোচনা হয়েছে এবং সেসব আলাপ-আলোচনা চূড়ান্ত হয়ে গেছে।"
কিন্তু বিরোধী দলগুলো অভিযোগ জানিয়েছে, তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিষয়ে তাদের সঙ্গে কোনো আলাপ-আলোচনা হয়নি।
এ বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর নেতৃত্বাধীন পাকিস্তানের প্রধান বিরোধীদল পিপিপি'র মুখপাত্র ফরহাতুল্লাহ বাবর বলেছেন, তাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি। তিনি বলেন, "মুশাররফ এবং তার 'মিনি মার্শাল ল'র অধীনে আমরা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আশা করি না।"
পাকিস্তানের বিভিন্ন জায়গায় ইতোমধ্যেই শুরু হয়ে গেছে বিক্ষিপ্ত সংঘর্ষ, সহিংসতা। পুলিশ লাঠিচার্জ করে এবং টিয়ার গ্যাস ব্যবহার করে বিক্ষোভ থামানোর চেষ্টা করছে। তবে বড় ধরনের কোনো সহিংসতার খবর এখনও পাওয়া যায়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এমএ/১৪৫২ ঘ.
bdnews24