২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাহোরে আটক ইমরান খান

প্রথমে জামাতের অনুসারী মাদ্রাসা ছাত্র পরে পুলিশের হাতে আটক হলেন পাকিস্তানের ক্রিকেট তারকা ও রাজনীতিবিদ ইমরান খান। বুধবার পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের একটি সামরিক শাসন বিরোধী ছাত্র সমাবেশ থেকে তাকে আটক করা হয়। আত্মগোপন অবস্থা থেকে বেরিয়ে সেনাশাসন অবসানের দাবিতে ছাত্রদের এক বিক্ষোভ সমাবেশে যোগ দিতে সেখানে যান ইমরান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2007, 09:50 AM

Updated : 26 Aug 2022, 08:56 PM

লাহোর, নভেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - প্রথমে জামাতের অনুসারী মাদ্রাসা ছাত্র পরে পুলিশের হাতে আটক হলেন পাকিস্তানের ক্রিকেট তারকা ও রাজনীতিবিদ ইমরান খান। বুধবার পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের একটি সামরিক শাসন বিরোধী ছাত্র সমাবেশ থেকে তাকে আটক করা হয়। আত্মগোপন অবস্থা থেকে বেরিয়ে সেনাশাসন অবসানের দাবিতে ছাত্রদের এক বিক্ষোভ সমাবেশে যোগ দিতে সেখানে যান ইমরান। এর পরপরই 'জামাত-ই-ইসলামীর' অনুসারী মাদ্রাসা ছাত্ররা ওই সমাবেশ থেকে ইমরানকে তুলে নিয়ে যায় এবং বেশ কিছুক্ষণ আটকে রাখে। পরে বিশ্ববিদ্যালয়ের গেট থেকে একটি সাদা ভ্যানে করে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। লাহোর পুলিশের কর্মকর্তা মালিক মোহাম্মদ ইকবাল জানান, "ক্যাম্পাসের প্রবেশ ফটক থেকে তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।" প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অবিলম্বে জরুরি অবস্থা তুলে নেওয়ার দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ শুরু করে। ছাত্ররা ''মুশাররফ নিপাত যাক" বলে শ্লোগান দিতে থাকে। এসময়ে ইমরান সেখানে হাজির হলে ছাত্ররা তাকে স্বাগত জানায় এবং সবাই একসঙ্গে মুশাররফ বিরোধী বিক্ষোভ করতে থাকে। কিন্তু ঘন্টাখানেক পর সেখানে জামাত অনুসারী মাদ্রাসা ছাত্ররা এসে ইমরান খানকে ঘিরে ফেলে এবং তাকে তুলে নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ এসে সেখানে হাজির হয় এবং তাকে আটক করে একটি ভ্যান গাড়িতে তুলে নিয়ে যায়। আত্মগোপন অবস্থা থেকে বেরিয়ে সকালবেলা লাহোরের ওই ছাত্র সমাবেশে যোগ দেন ইমরান। নভেম্বরের ৩ তারিখে মুশাররফ জরুরি অবস্থা জারির পরপরই গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে গিয়েছিলেন তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান ইমরান খান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৫৩৩৫ ঘ.