নমপেন, নভেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ক্যাম্বোডিয়ার সাবেক খেমাররুজ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ইয়েং সারিকে সোমবার গ্রেপ্তার করা হয়েছে। খেমাররুজ গণহত্যায় পলপটের শীর্ষ সহযোগী এবং মানবতার বিরুদ্ধে অপরাধ ও যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্তদের বিচারে জাতিসংঘ সমর্থিত বিশেষ ট্রাইবুনাল "কিলিং ফিল্ডস" আদালতের পুলিশ ও নিরাপত্তা রক্ষীরা সকালে তার বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে। এ নিয়ে পলপট প্রশাসনের তৃতীয় ক্ষমতাশালী লোকটিকে গণহত্যার বিচারে গঠিত বিশেষ এ আদালতের হেফাজতে আনা হল।
এক বিবৃতিতে আদালত জানিয়েছে, ইয়েং সারি মানবতার বিরুদ্ধে অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত হবেন।
পলপট প্রশাসনের আরেক শীর্ষ নেতা এবং ইয়েং সারির স্ত্রী খিউ থিরিথকেও গ্রেপ্তার করা হয়েছে। তিনিও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে অভিযুক্ত হতে যাচ্ছেন। প্রসঙ্গত, পলপটের প্রথম স্ত্রী খিউ পোনারির বোন হচ্ছেন খিউ থিরিথ। দীর্ঘ দিন মানসিক রোগে ভোগার পর ২০০৩ সালে মারা গেছেন খিউ পোনারি।
সোমবার সকালে ক্যাম্বোডিয়ার রাজধানী নমপেনের বিলাসবহুল বাসভবন থেকে ইয়েং সেরি এবং খিউ থিরিথকে গ্রেপ্তার করা হয়। পরে তাদেরকে পুলিশের গাড়িতে করে নিয়ে যাওয়া হয়।
প্রসঙ্গত, ক্যাম্বোডিয়ায় ১৯৭৫-১৯৭৯ সাল পর্যন্ত খেমাররুজ শাসনামলে প্রায় ১৭ লাখ লোক নির্মমভাবে নিহত হন। অভিযোগ রয়েছে, পলপটের খেমাররুজ বাহিনীর সরাসরি হত্যাযজ্ঞ কিংবা তাদের বর্বরোচিত নির্যাতনের ফলাফল এবং খাদ্যাভাব ও রোগে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় বিপুল সংখ্যক লোকের এসব মৃত্যুর ঘটনা ঘটেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৩৪৫ ঘ.
bdnews24