ক্রাফোর্ড, টেক্সাস, নভেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্র সফররত জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশকে বলেছেন, তেহরান তাদের স্পর্শকাতর পরমাণু কর্মসূচি বন্ধের দাবি না মানলে ইরানের ওপর জাতিসংঘের তৃতীয় দফা অবরোধ আরোপকে তিনি সমর্থন করবেন। বুশের টেক্সাসের খামারবাড়ীতে ইরানের বিরুদ্ধে কঠোরতর অবরোধ আরোপের বিষয় নিয়ে দুই নেতার মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনার সময় মার্কেল একথা বলেন।
বুশের সঙ্গে দেওয়া এক যৌথ সংবাদ সম্মেলনে মার্কেল বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচির বিষয়ে তেহরানের সহযোগিতা অর্জনের লক্ষ্যে অন্যান্য সব প্রচেষ্টা ব্যর্থ হলে দেশটির সঙ্গে জার্মানির বাণিজ্যিক সম্পর্ক কমিয়ে আনার বিষয়টি তিনি বিবেচনা করবেন।
এ কূটনীতিতে মার্কেলের সঙ্গে একমত পোষণা করেছেন বুশ।
মার্কেল বলেন, "আমরা এ বিষয়ে একমত যে ইরানের পরমাণু কর্মসূচির ফলে যে হুমকি তৈরী হয়েছে তা সত্যিকারের একটি মারাত্মক হুমকি।"
প্রসঙ্গত, ইরানের পরমাণু কর্মসূচির বিষয়ে আগামী ১৯ নভেম্বর বৈঠকে মিলিত হওয়ার কথা রয়েছে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের। ছয় বিশ্ব শক্তির এ বৈঠকের আলোচ্য সূচিতে থাকবে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান হ্যাভিয়ার সোলানা এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান মোহাম্মেদ এলবারাদির প্রতিবেদনগুলো।
সংবাদ সম্মেলনে মার্কেল বলেন, "প্রতিবেদনগুলো এখনও অসন্তোষজনক থাকলে আমাদের সম্ভাব্য আরও অবরোধ নিয়ে চিন্তা করতে হবে। আমাদের তখন আলোচনা করতে হবে এবং সম্ভাব্য আরও অবরোধের বিষয়ে একমত হতে হবে।"
মার্কেল বলেন, ইরানের সঙ্গে "বাণিজ্যিক সম্পর্ক কমিয়ে আনার সম্ভাবনা" নিয়ে তিনি জার্মান প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করবেন।
সংবাদ সম্মেলনে বুশ বলেন, "ইরানি প্রশাসনকে যা বুঝতে হবে তা হচ্ছে, এই সমস্যা কূটনৈতিক উপায়ে সমাধান করার জন্য আমরা একত্রে কাজ করে যাব। যার অর্থ তারা নিঃসঙ্গ হয়ে যেতে থাকবে।"
উল্লেখ্য, পশ্চিমাদের অভিযোগ, পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু বোমা তৈরির চেষ্টা চালাচ্ছে ইরান। অন্যদিকে, ইরান সে অভিযোগ প্রত্যাখ্যান করে বলে আসছে, তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ এবং জ্বালানি তৈরির উদ্দেশ্যে পরিচালিত।
টেক্সাসের খামার বাড়িতে দুই দিনব্যাপী আলোচনায় পাকিস্তান, আফগানিস্তান, বিশ্ব উষ্ণায়ন এবং পরিকল্পিত মধ্যপ্রাচ্য শান্তি সম্মেলন নিয়েও কথা বলেন বুশ-মার্কেল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১১৪০ ঘ.
bdnews24