কলকাতা, নভেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পশ্চিমবঙ্গে নন্দীগ্রামে অব্যাহত সহিংসতার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার লোকসভা থেকে পদত্যাগ করেছেন। মমতা তার পদত্যাগপত্র লোকসভার স্পিকারের কাছে পাঠিয়ে দিয়ে সোমবার থেকে পশ্চিমবঙ্গে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটেরও ডাক দিয়েছেন।
শনিবার বিকেলে তৃণমূল ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, "পশ্চিমবঙ্গে আইনের শাসন ভেঙে পড়েছে। এর প্রতিবাদে আমি লোকসভা থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।"
এদিকে নন্দীগ্রামে বামফ্রন্ট সরকারের ভূমিকার কড়া সমালোচনা করে মন্ত্রিসভা থেকে প্রবীণ বাম নেতা ক্ষিতি গোস্বামীও পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন।
সাংবাদিকদের তিনি বলেন, " নন্দীগ্রাম ইস্যুতে বামফ্রন্টের অন্যতম শরিক আরএসপির কিছু সিদ্ধান্তে আমি ক্ষুব্ধ। এরইমধ্যে আমি দলের কাছে মন্ত্রিপরিষদ থেকে ইস্তফার কথা জানিয়েছি।"
পশ্চিমবঙ্গের আরও দুই বিরোধী দল কংগ্রেস ও এসইউসিআইও সোমবার থেকে রাজ্যে ধর্মঘট ডেকেছে।
এদিকে শনিবার নন্দীগ্রামে ক্ষমতাসীন সিপিআইএম ও বিরোধী তৃণমূল কংগ্রেসের সমর্থনপুষ্ট ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির নেতাকর্মীদের সংঘর্ষে নিহত হয়েছে অন্তত দুজন। এ সময় গুলিতে আরও ৫০ জন আহত হয়।
বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরির জন্য চলতি বছরের জানুয়ারি মাসে পুর্ব মেদেনীপুরের নন্দীগ্রামের দুটি ব্লকে ৪০ হাজার একর জমি অধিগ্রহণের ঘোষণা দেয় বামফ্রন্ট সরকার। এর প্রতিবাদে স্থানীয়রা ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে আন্দোলন শুরু করে।
গত ১৪ মার্চ পুলিশের সঙ্গে কমিটির নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়। পশ্চিমবঙ্গ সরকার ১৪ জনের মৃত্যুর কথা স্বীকার করে তাদের ক্ষতিপূরণ দেওয়া এবং জমি অধিগ্রহণ না করার ঘোষণা দিয়েছে।
অবশ্য এরপরও ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সঙ্গে ক্ষমতাসীন সিপিআইএম কর্মীদের সংঘর্ষ চলতে থাকে। এসব সংঘর্ষে গত ১১ মাসে সেখানে অন্তত ৫০ জন মারা গেছে।
অন্যদিকে, শুক্রবার নন্দীগ্রামে পরিস্থিতি দেখতে যাওয়ার পথে সন্ত্রাসীদের হামলায় ফিরে আসতে হয়েছে ভারতের পরিবেশবাদী নেত্রী নরমদা বাঁচাও আন্দোলনের প্রধান মেধা পাটেকরকে। মেধার গাড়ি ভেঙে দেওয়ার পাশাপাশি তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিপোর ডটকম/সংবাদদাতা/এসএনডি/এমএআর/এমএ/১৯৫০ ঘ.
bdnews24