সিঙ্গাপুর, নভেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারের গৃহবন্দি বিরোধীদলীয় নেত্রী অং সান সু চি জানিয়েছেন, সামরিক সরকারকে সহযোগিতা করতে তিনি প্রস্তুত। এক বিবৃতিতে একথা জানিয়েছেন দেশটির গণতান্ত্রিক আন্দোলনের এই নেত্রী।
জাতিসংঘের বিশেষ দূত ইব্রাহিম গাম্বারি বৃহস্পতিবার সিঙ্গাপুরে সু চির বার্তাটি পড়ে শোনান। এর আগে গাম্বারি জানিয়েছিলেন মিয়ানমারের সরকার ও বিরোধীদের মধ্যে আলোচনার পথ প্রস্তুত হয়েছে।
বিবৃতিতে সু চি বলেন, "জাতির স্বার্থে এবং আলোচনার প্রক্রিয়াকে এগিয়ে নিতে জাতিসংঘের প্রচেষ্টাকে সফল করতে আমি সরকারকে সহযোগিতা করতে রাজি আছি।"
বৃহস্পতিবার সু চির সঙ্গে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক করেন জাতিসংঘ দূত গাম্বারি। এর পর দিনের মিয়ানমার সফর শেষে তিনি সিঙ্গাপুরে ফিরে যান।
সিঙ্গাপুরে এক বিবৃতিতে গাম্বারি বলেন, "সরকার ও বিরোধীদের সঙ্গে কার্যকর আলোচনার পথেই আমরা এগুচ্ছি।"
তিনি আরও বলেন, "আলোচনা যত তাড়াতাড়ি শুরু হবে মিয়ানমারের জন্য ততই মঙ্গল।"
তবে মিয়ানমার সফরের সময় সরকারকে আলোচনার জন্য রাজি করানোর বিষয়ে কী অগ্রগতি হয়েছে সে ব্যাপারে তিনি কোনো ইঙ্গিতই দেননি।
ছয় দিনের মিয়ানমার সফরে গাম্বারি সু চি ছাড়াও তার দল ন্যশনাল লিগ ফর ডেমোক্রেসির তিন ঊর্ধ্বতন নেতা ও বৌদ্ধ ভিক্ষুদের সঙ্গে সাক্ষাৎ করেন।
গাম্বারির সফর শুরু হওয়ার আগের দিন জাতিসংঘের আবাসিক প্রতিনিধিকে দেশ ছাড়ার নির্দেশ দিয়ে মিয়ানমার সরকার ইঙ্গিত দিয়েছিল তারা গাম্বারিকে ততোটা সহযোগিতা করবে না।
সেপ্টেম্বর মাসে মিয়ানমারের সামরিক জান্তা ২০ বছরের মধ্যে সবচেয়ে বড় সরকারবিরোধী গণবিক্ষোভের সম্মুখীন হয়। ব্যাপক নির্যাতন-নিপীড়ন ও গণগ্রেপ্তার অভিযানের মাধ্যমে জান্তা সরকার ওই জনবিক্ষোভ কঠোর হাতে দমন করে।
দমনাভিযানে এক জাপানি আলোকচিত্রীসহ ১০ জন নিহত হয় বলে জানায় জান্তা সরকার। তবে পশ্চিমাদের দাবি, নিহতের সংখ্যা আরও অনেক বেশি।
এমন প্রেক্ষাপটে মিয়ানমার সরকার এবং সরকারবিরোধীদের মধ্যে রাজনৈতিক আলোচনা শুরু করার লক্ষ্যে গত মাসে প্রথমবার মিয়ানমার সফর করেন জাতিসংঘ দূত গাম্বারি। সে সফরে ইয়াঙ্গুনে সু চির সঙ্গে দুই দফা বৈঠক করেন তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২৩৪০ ঘ.
bdnews24