হেরাত, আফগানিস্তান, নভেম্বর ৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আফগানিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে ন্যাটো সেনাদের বিমান হামলায় কয়েক ডজন তালেবান জঙ্গি নিহত হয়েছে। মঙ্গলবার আফগান সেনাবাহিনী একথা জানিয়েছে। অবশ্য, স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই বিমান হামলায় বেশ কয়েকজন বেসামরিক লোকও নিহত হয়েছেন।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জহির আজিমি বলেন, আফগান ও ন্যাটোর স্থলবাহিনীর সহায়তায় সোমবার রাতের ওই বিমান হামলায় বাদঘি প্রদেশের তালেবান জঙ্গিদের অবস্থানকে লক্ষ্য করা হয়। তিনি বলেন, নিহতদের মধ্যে এক শীর্ষ তালেবান কমান্ডারও রয়েছেন।
অবশ্য, একই এলাকার বাসিন্দারা জানিয়েছেন, হামলায় বেশ কয়েকজন বেসামরিক লোক নিহত এবং বেশ কয়েকটি ঘর-বাড়ি ধ্বংস হয়েছে।
লাল মোহাম্মাদ নামের এক বাসিন্দা বলেন, অভিযানে তার দুই শিশুসন্তান নিহত হয়েছে। তিনি বলেন, "আমরা চাই এ ঘটনার তদন্তের জন্য প্রেসিডেন্ট (হামিদ) কারজাই একটি প্রতিনিধি দল নিয়োগ করুক।"
এদিকে, ওই হামলায় বেসামরিক লোক নিহত হওয়ার খবর প্রত্যাখান করেছেন আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আজিমি। এছাড়া, অভিযানটি সম্পর্কে ন্যাটোর কাছ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৫৪১ ঘ.
bdnews24