লন্ডন, নভেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারের গৃহবন্দি বিরোধীদলীয় নেত্রী অং সান সু চি'র পিয়ানো বাজানোর হাত খুবই ভালো। কিন্তু তিনি যে পিয়ানোটি ব্যবহার করেন সেটি ভেঙে যাওয়ায় তার মন খারাপ হতে পারে। সে কথা ভেবেই তার ব্রিটিশ শুভাকাঙ্খীরা তাকে একটা নতুন পিয়ানো উপহার দিচ্ছেন।
লন্ডনের 'দ্য সানডে টাইমস' পত্রিকা রোববার জানায়, সু চির ব্রিটিশ শুভাকাঙ্খীরা তাকে একটি নতুন পিয়ানো পাঠানোর পরিকল্পনা করছেন। নতুন পিয়ানো কেনার জন্য ব্রিটিশ শিল্প ও বিনোদন জগতের নারীদের একটি দল তহবিল জোগাড় করেছেন। ওই অর্থ দিয়ে পিয়ানো কিনে তারা সেটি সু চিকে পাঠাবেন।
নোবেল শান্তি পুরস্কার জয়ী গত ১৮ বছরের মধ্যে ১১ বছর ধরে গৃহবন্দি আছেন।
পত্রিকাটি জানায়, সু চিকে পিয়ানো উপহার দেওয়ার পরিকল্পনার করেছেন অভিনেত্রী মরিন লিপম্যান। সু চি'র এই সমর্থক অস্কার জয়ী চলচ্চিত্র 'দ্য পিয়ানিস্ট' এ অভিনয় করেছেন।
তাদের এই উদ্যোগের সঙ্গে আছেন কণ্ঠশিল্পী এ্যনি লেনোক্স, চলচ্চিত্র প্রজোজক নরমা হেইম্যান শিল্প বিষয়ক তহবিল সংগ্রহকারী জয়সে হিটনার।
"এটা একটা ভাল উদ্যোগ" লিপম্যান সানডে টাইমসকে একথা বলেছেন।
পত্রিকাটি জানায়, পিয়ানোটি পেলে সু চি বাজাতে স্বাচ্ছন্দ বোধ করবেন একইসঙ্গে যারা তার পিয়ানো শুনবেন তাদেরও মনে হতে পারে সু চি তাদের মাঝেই আছেন। পিয়ানোটি ভারত অথবা সিঙ্গাপুরে পাঠনো যেতে পারে বলে পত্রিকাটি পরামর্শ দিয়েছে। সেখান থেকে সেটি সু চির হাতে পৌঁছাবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১৪৮ঘ.
bdnews24