বেইজিং, নভেম্বর ১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - এ সপ্তাহের মধ্যেই উত্তর কোরিয়ার একটি প্রধান পরমাণু স্থাপনা নিষ্ক্রিয় করার কাজ শুরু করছে মার্কিন পরমাণু বিশেষজ্ঞ কারিগরি দল। যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী এবং ছয়জাতি আলোচনায় মার্কিন শীর্ষ আলোচক ক্রিস্টোফার হিল বৃহস্পতিবার একথা বলেছেন।
উত্তর কোরিয়ায় সবচেয়ে বড় পরমাণু স্থাপনা 'ইয়ংবিয়ন' চুল্লিগুলোকে নিষ্ক্রিয় করার মাধ্যমে দেশটির পরমাণু নিরস্ত্রীকরণের চূড়ান্ত ধাপের কাজ শুরু হচ্ছে। ওই স্থাপনায় পরমাণু বোমার জন্য প্লুটোনিয়াম উৎপাদন করা যায়।
মার্কিন বিশেষজ্ঞ দলের সদস্যরা বৃহস্পতিবার পিয়ংইয়ং এর উদ্দেশে রওনা দিয়েছেন। মার্কিন শীর্ষ আলোচক ক্রিস হিল বলেছেন, ওই কারিগরি দলটির কাছে পরমাণু কর্মসূচি নিষ্ক্রিয় করার 'সুনির্দিষ্ট পদক্ষেপের তালিকা' আছে।
ক্রিস হিল বলেন, "সত্যিকারের পরমাণু নিষ্ক্রিয়করণের কাজ শুরু হবে এ সপ্তাহের শেষে।"
মার্কিন আলোচক বলেন, "আমি খুবই আনন্দিত যে আমাদের একটি সামগ্রিক পরিকল্পনা আছে যা সত্যিকার অর্থেই কার্যকর হচ্ছে এবং যা আমাদের উদ্দিষ্ট নিষ্ক্রিয়করণের প্রয়োজন মেটাবে।"
বেইজিংয়ে বুধবার উত্তর কোরিয়ার শীর্ষ পরমাণু আলোচক কিম কায়ে-গাওয়ান এর সঙ্গে বৈঠক করে পরমাণু স্থাপনা নিষ্ক্রিয়করণের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৭৫৪ ঘ.
bdnews24