ওয়াশিংটন, অক্টোবর ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরান পরমাণু শক্তি অর্জন করলে তৃতীয় বিশ্বযুদ্ধ বেধে যেতে পারে- মার্কিন প্রেসিডেন্ট বুশের এমন মন্তব্যের জন্য তার মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুলেছেন আগামী প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য ডেমোক্রাট প্রাথী ডেনিস কুচেনিখ।
ফিলাডেলফিয়ায় ডেমোক্রেটিক বিতর্কের আগে 'দ্য ফিলাডেলফিয়া ইনকুইরার' এর সম্পাদকীয় বোর্ডে মঙ্গলবার এক বতৃতায় ডেনিস কুচেনিখ বলেন, "আমি সত্যিই বিশ্বাস করি বুশের মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন করার সময় এসেছে। এখানে কিছু সমস্যা আছে। তিনি হয়তো বুঝতে পারছেন না তিনি যা বলেছেন সেটা হতেও পারে।'
সপ্তাহ দুয়েক আগে এক সংবাদ সম্মেলনে বুশ বলেছিলেন, "আমি সবাইকে বলছি আপনারা যদি তৃতীয় বিশ্বযুদ্ধ এড়াতে চান তাহলে পরমাণু শক্তি অর্জন থেকে ইরানকে অবশ্যই রুখতে চাইবেন।"
ওহিও থেকে নির্বাচিত মার্কিন কংগ্রেসের সদস্য কুচেনিখ প্রেসিডেন্ট বুশ ও ভাইস প্রেসিডেন্ট ডিক চেনিকে ইম্পিচ করতে তার সহকর্মীদের স্বপক্ষে আনার চেষ্টা করেছিলেন।
তিনি জানান, বুশের মানসিক স্বাস্থ্যের ব্যাপারে তার মন্তব্য দায়িত্বজ্ঞানহীন বলে মনে করেন না।
কুচেনিখ বলেন, "অনেক মানুষ আছে যাদের সুশ্রষা করা প্রয়োজন। আমার মনে হয় বুশও তাদের একজন। যদি তার মধ্যে কোনো সমস্যা না থাকে তাহলে হয়ত আমাদের সমস্যা আছে। এটা আমার কাছে সত্যিই চিন্তার বিষয়।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি
bdnews24