বেইজিং, অক্টোবর ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মহাকাশ স্টেশন এবং কক্ষপথে ভারী উপগ্রহ পাঠানোর জন্য নতুন ধরনের রকেট লাঞ্চার তৈরি করবে চীন। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বুধবার একথা জানিয়েছে।
চীন তাদের মহাকাশ কর্মসূচির সর্বশেষ সংযোজন হিসাবে নতুন ধরনের এ রকেট লাঞ্চার তৈরির এ প্রকল্প হাতে নিয়েছে।
চায়না ডেইলি পত্রিকা জানিয়েছে, 'লং মার্চ ৫' নামের এ রকেট লাঞ্চারগুলো উত্তরাঞ্চলীয় বন্দরনগরী তিয়ানজিনে তৈরি করা হবে। তবে এগুলোর উদ্বোধন করা হবে দক্ষিণাঞ্চালীয় হাইনান দ্বীপে নির্মাণাধীন একটি কেন্দ্রে।
'চায়না একাডেমি অফ লঞ্চ ভেহিকেল টোকনোলজি'র সভাপতি উ ইয়ানসেংয়ের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, "আশা করা হচ্ছে এর মাধ্যমে মাহাকাশ প্রযুক্তি উন্নয়নের চাহিদা পূরণ হবে এবং আগামী ৩০-৫০ বছর মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহারের পথ সুগম হবে।"
আন্তর্জাতিক বাণিজ্যিক উৎক্ষেপণ বাজার লাভজনক উল্লেখ করে তিনি বলেন, "এর মাধ্যমে চীন উন্নত দেশগুলোর মতো একই ধরনের উৎক্ষেপণ ক্ষমতা অর্জনে সক্ষম হবে।"
প্রতিবেদনে জানানো হয়েছে, চীনের আগামী প্রজন্মের এ রকেটগুলো ২০১৩ সালের আগে মাহাকাশে যাবে না।
'লং মার্চ ৩এ' নামের এ রকেটের সাহায্যে চাঁদের কক্ষপথের উদ্দেশ্যে চ্যাং'ই ১ নামের উপগ্রহ পাঠানোর এক সপ্তা বাদে এ ঘোষণা দিল চীন। ২০১২ সালে চাঁদে মনুষ্যবিহীন যান পাঠানোর এবং ভবিষ্যতে মানুষ পাঠানোর প্রস্তুতি হিসাবে চন্দ্রপৃষ্ঠের ছবি তোলার জন্য চ্যাং'ই নামের এ উপগ্রহ পাঠানো হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৬১১ ঘ.
bdnews24