ইসলামাবাদ, অক্টোবর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরী ফের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দেশে ফেরার অধিকারের পক্ষে কথা বলেছেন। সুপ্রিম কোর্ট এর আগে নওয়াজের দেশে ফেরার অধিকার দিয়ে যে রায় ঘোষণা করেছিল ইফতিখার মঙ্গলবার তারই পুনরুক্তি করেছেন।
সরকারের বাধার মুখেও নওয়াজকে পাকিস্তানে ফেরার অনুমতি দিয়ে রায় ঘোষণা করেছিল আদালত। ওই রায়ের পরিপ্রেক্ষিতেই পাকিস্তানে ফিরেছিলেন নওয়াজ। কিন্তু তাকে আবার নির্বাসনে ফেরত পাঠায় সরকার। তার দেশে ফেরা ঠেকানোর কারণে সরকারের বিরুদ্ধে আদালতের শুনানি ৮ নভেম্বর পর্যন্ত মুলতবি করার সময় প্রধান বিচারপতি ইফতিখার মঙ্গলবার পুনরায় শরীফের দেশে ফেরার অধিকারের পক্ষে কথা বলেন।
১৯৯৯ সালে অভ্যুত্থানের মধ্য দিয়ে নওয়াজ সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করেন জেনারেল পারভেজ মুশাররফ। তারপরই নওয়াজকে নির্বাসন পাঠিয়ে দেওয়া হয়। দীর্ঘদিন পর এবছর ১০ সেপ্টেম্বর তিনি দেশে ফেরার কয়েকঘন্টার মধ্যেই তাকে আবারও নির্বাসনে পাঠায় সরকার।
নওয়াজের অধিকারে বাধা দেওয়ার ঘটনায় সরকারের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার শুনানিকালে ইফতিখার চৌধুরি বলেন, " ৮ নভেম্বর পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি রাখাটাকেই আমরা এ মুহূর্তে যথাযথ বলে মনে করছি। কিন্তু নওয়াজ শরীফের ব্যাপারে অঅগে আদালত যে রায় দিয়েছিল সেটি এখনও বহাল আছে এবং সেটিকেই গুরুত্ব দেব আমরা। "
নওয়াজের মুখপাত্র আহসান ইকবাল বলেছেন, নওয়াজ আবার কবে দেশে ফিরবেন তা স্থির করতে পার্টির নেতারা এ সপ্তাহে আলোচনায় বসবেন।
তিনি আরও জানান, "নওয়াজ নভেম্বরের শেষেই দেশে ফেরার পারিকল্পনা করেছেন।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১০০ঘ.
bdnews24