ওয়াশিংটন, অক্টোবর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বাগদাদে গুলি করে ১৭ ইরাকিকে হত্যার ঘটনায় মার্কিন বেসরকারি নিরাপত্তা ঠিকাদার ব্ল্যাকওয়াটারকে দায়মুক্তির প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্তকারী কর্মকর্তারা। নিউ ইয়র্ক টাইমস পত্রিকাটি সোমবার একথা জানিয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, এ ধরনের দায়মুক্তির প্রস্তাব দেওয়ার কোনো এখতিয়ার তদন্তকারী সংস্থা 'ব্যুরো অব ডিপ্লোমেটিক সিকিউরিটির' নেই।
'নিউ ইয়র্ক টাইমস'--এর প্রতিবেদনে বলা হয় এ ধরনের দায়মুক্তি দেওয়া হলে ১৬ সেপ্টম্বর বাগদাদ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ব্ল্যাকওয়াটার কর্মীদের বিচারের বিষয়টি জটিল হয়ে পড়তে পারে।
পত্রিকাটি জানায়, বাগদাদ হত্যাকাণ্ডে জড়িত ব্ল্যাকওয়াটার কর্মীদের বেশিরভাগকেই যে সুযোগ দেওয়া হচ্ছে তাকে 'সীমিত আকারের' দায়মুক্তি বলে অভিহিত করছেন তদন্ত কর্মকর্তারা।
এ ধরনের তথাকথিত সীমিত আকারের দায়মুক্তির অর্থ হল, সাক্ষ্য দেওয়ার সময় তারা যা কিছুই করার কথা স্বীকার করুক না কেন যতোক্ষণ পর্যন্ত তারা সত্য বলবেন ততোক্ষণ পর্যন্ত ওইসব কাজের কোনটির জন্যই তাদের শাস্তি দেওয়া হবে না।
এ মাসের শুরুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে ঘটনাটি তদন্তের দায়িত্ব গ্রহণ করেছে এফবিআই।
মার্কিন বিচার বিভাগের এক কর্মকর্তা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, তদন্ত চলাকালীন সময়ে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চান না।
নর্থ ক্যারোলিনা ভিত্তিক বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠান ব্ল্যাকওয়াটার ইরাকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তার দায়িত্বে রয়েছে। ইরাকে এককভাবে সবচেয়ে বড় অংকের ঠিকাদারী পাওয়া মার্কিন কোম্পানি ব্ল্যাকওয়াটার।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭৫৩ ঘ.
bdnews24