ব্যাংকক, অক্টোবর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মিয়ানমারের জনবিক্ষোভে সামরিক জান্তার দমন পীড়নের পর থেকে একদিকে জান্তার বিরুদ্ধে অবরোধ আরোপের প্রকাশ্য বিরোধিতা করে আসলেও অন্যদিকে জান্তা সরকারের কাছ থেকে দূরত্ব বজায় রাখছে সিঙ্গাপুর সরকার এবং বিশেষত ব্যাংকগুলো। বিশ্লেষকরা বলছেন, এক ধরনের অনানুষ্ঠানিক অবরোধ কার্যকরের মতো অবস্থার দিকে যেতে পারে সিঙ্গাপুরের আর্থিক প্রতিষ্ঠানগুলো। বিশ্লেষক এবং আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে ঘনিষ্ঠ সূত্রগুলো মঙ্গলবার একথা জানিয়েছেন।
তবে এখনও মিয়ানমারের বিরুদ্ধে অবরোধের প্রশ্নে প্রধানমন্ত্রী লি সেইন লুং এর অবস্থান থেকে আনুষ্ঠানিকভাবে সরে আসেনি সিঙ্গাপুর। বৌদ্ধ ভিক্ষুদের নেতৃত্বে শুরু হওয়া ওই জনবিক্ষোভে জান্তার বর্বর দমন পীড়নের পর সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর ভাষ্য ছিল, অবরোধ আরোপ করা হলে দেশটির ভেতর রাজনৈতিক সংস্কারের বিষয়ে কোন অগ্রগতি অর্জন সম্ভব নাও হতে পারে।
কিন্তু এখন এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, নগর-রাষ্ট্রটির বিভিন্ন প্রতিষ্ঠান ধীরে ধীরে মিয়ানমার জান্তার কাছ থেকে দূরে সরে আসতে চাইছে। মিয়ানমারের জেনারেলদের চিকিৎসা এবং বিনোদনের প্রধান গন্তব্য সিঙ্গাপুর। এছাড়া, তাদের সিঙ্গাপুরের ব্যাংকগুলোকেই মিয়ানমারের জেনারেলদের অর্থ সম্পদের আমানতদার হিসেবে বিশ্বাস করা হয়।
সিডনির ম্যাককোয়ার ইউনিভার্সিটির বিশ্লেষক এবং 'বার্মা ইকোনোমিক ওয়াচ' জার্নালের লেখক শন টার্নেল মনে করেন, "সবার অন্তরালে একটা অনানুষ্ঠানিক অবরোধ শুরু হয়ে গেছে, বিশেষত আর্থিক খাতে।"
এ ধরনের অঘোষিত অবরোধের ঘটনা বোঝা যাবে মিয়ানমারের ছোট বিমান সংস্থা 'এয়ার বাগান' এর সিঙ্গাপুরে ফ্লাইট বাতিলের মধ্য দিয়ে। আগমী ৫ নভেম্বর থেকে বিমান সংস্থাটির সিঙ্গাপুর ফ্লাইট বন্ধ হয়ে যাচ্ছে।
সিঙ্গাপুরের টুডে সংবাদপত্রটি জানায় সিঙ্গাপুরের ব্যাংকগুলো এয়ার বাগানের মালিক প্রতিষ্ঠান 'তু ট্রেডিং' এর সঙ্গে লেনদেন না করার ঘোষণা দেওয়ার পর এ বিষয়ে সর্বশেষ ধাক্কাটি আসে। তু ট্রেডিং এর সঙ্গে মিয়ানমার জান্তার সর্বোচ্চ পর্যায়ের ঘনিষ্টতা রয়েছে।
"এর অর্থ হল সিঙ্গাপুর হয় অবরোধের দিকে যাচ্ছে অথবা এয়ার বাগান'র সঙ্গে তাদের অন্য আর্থিক কিংবা অন্য কোনো ইস্যুতে বিরোধ আছে।" উনিশশ' নব্বইয়ের দশকে যুগোশ্লাভিয়ার বিরুদ্ধে মার্কিন অবরোধের অন্যতম রূপকার ভিক্টর কমরাস এ মন্তব্য করেছেন।
এদিকে 'মনিটরি অথরিটি অফ সিঙ্গাপুর' (এমএএস) রয়টার্সকে বলেছে, দেশটির ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপের আগ পর্যন্ত তাদের দিক থেকে মিয়ানমারের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে লেনদেন বন্ধ করতে বলার সম্ভাবনা কম।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৬৫৫ ঘ.
bdnews24