আঙ্কারা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- উত্তর ইরাকে ঘাঁটি গেড়ে থাকা কুর্দি গেরিলাদের হুমকি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তুরস্ক দৃঢ়প্রতিজ্ঞ। তুরস্কের প্রেসিডেন্ট আবদুল্লাহ গুল বৃহস্পতিবার একথা বলেছেন। তিনি বলেন, "তুরস্ক ধৈর্য হারাচ্ছে। তারা আর উত্তর ইরাক থেকে তুরস্কে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) গেরিলাদের আক্রমণ সহ্য করবে না।" এদিকে, রুমানিয়া সফররত তুর্কি প্রধানমন্ত্রী তায়েপ এরদোয়ান বৃহস্পতিবার বলেছেন, পিকেকে গেরিলা নির্মূলে উত্তর ইরাকে বড় ধরনের সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র নয়, আঙ্কারা নিজেই নেবে। তারা এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রভাবে প্রভাবিত হবে না।
এরদোয়ান আরও বলেন, "যুক্তরাষ্ট্র আমাদেরকে সীমান্ত পেরিয়ে অভিযান চালাতে দিতে নাও চাইতে পারে। কিন্তু কি করতে হবে না হবে সে বিষয়ে আমরাই সিদ্ধান্ত নেব। তুরস্কের কৌশলগত মিত্র হিসাবে যুক্তরাষ্ট্রকে আমাদের সঙ্গে মিলেমিশেই কাজ করে যেতে হবে। আমরা একসঙ্গে আফগানিস্তানে কাজ করেছি। আমাদেরকে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সন্ত্রাসের বিরুদ্ধে পদক্ষেপ অবশ্যই নিতে হবে।"
নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) কুর্দি বিদ্রোহিদের ওপর মঙ্গল ও বুধবার দু দফায় হামলা চালিয়েছে তুরস্কের বিমানবাহিনী। উত্তর ইরাকে এক গ্রামে কুর্দি বিদ্রোহিদের ওপর এ হামলা হয়েছে। ইরাকের এক কুর্দি নিরাপত্তা কর্মকর্তা একথা জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই ইরাকি কর্মকর্তা বলেন, উত্তরাঞ্চলীয় ডাহুক শহরের ২৫ কিলোমিটার উত্তর-পূর্বের শিরানিশ ইসলাম এলাকার কাছের এক পার্বত্য গ্রামে বুধবার দুপুরের দিকে তীব্র বোমাবর্ষণ করেছে তুরস্কের যুদ্ধবিমান। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত আর কিছু জানান নি। তুরস্কের রাষ্ট্রপরিচালিত সংবাদ সংস্থা অবশ্য বলছে, তুর্কি যুদ্ধবিমান এবং হেলিকপ্টার বুধবার দক্ষিণ-পূর্ব তুরস্কের পিকেকে অবস্থানে বোমাবর্ষণ করেছে।
তবে, তুরস্কের রাজধানীতে এক সম্মেলনে প্রেসিডেন্ট আবদুল্লাহ গুল বৃহস্পতিবার ইরাকে কঠোর অভিযানে নামার ইঙ্গিত দিয়ে বলেছেন, "তুরস্ক পিকেকের হুমকি বন্ধ করতে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নিতে পুরোপুরি প্রতিজ্ঞাবদ্ধ।"
তিনি বলেন, " আমরা ইরাকের আঞ্চলিক অখণ্ডতা এবং একতার প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু তুরস্ক ধৈর্য হারাচ্ছে। তারা সন্ত্রাসী তৎপরতার উদ্দেশ্যে পিকেকে বিদ্রোহিদের ইরাকের মাটি ব্যবহারের বিষয়টি সহ্য করবে না।"
তুরস্কের পার্লামেন্ট ইতোমধ্যেই পিকেকে বিদ্রোহী দমনের জন্য সেনাবাহিনীকে ইরাকে হামলা চালানোর অনুমতি দিয়ে দিয়েছে। তবে আঙ্কারা এখনও সঙ্কটের কূটনৈতিক সমাধানের সুযোগ করে দিতে ইরাকে পুরোদস্তুর হামলা চালানো থেকে বিরত রয়েছে।
বাগদাদ ইতোমধ্যেই কুর্দি বিদোহিদের দমনে তুরস্ককে সহায়তা করার অঙ্গীকার করলেও তুর্কি প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ান সরকার ইরাকে হামলা চালানোর ব্যাপারে দেশে প্রচণ্ড চাপের মুখে আছে। বিশেষ করে রোববার পিকেকে বিদ্রোহিরা সীমান্তে ১২ সেনা হত্যা করার পর তুরস্কর সরকারের ওপর চাপ আরও বেড়েছে।
এমন অবস্থায় কুর্দি বিদ্রোহিদের দমনে বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি হিসাবে তুরস্ক ইরাক সীমান্তে সেনা সংখ্যা বাড়িয়েছে। যুদ্ধবিমান, হেলিকপ্টার গানশিপ, ট্যাংক, ও কামানসহ সেখানে এখন মোতায়েন আছে লক্ষাধিক তুর্কি সেনা।
যদিও উত্তর ইরাকে তুরস্কের সম্ভাব্য বড় ধরনের আগ্রাসনের আশঙ্কায় উদ্বিগ্ন ওয়াশিংটন এবং বাগদাদকে আশ^স্ত করে আঙ্কারা বলেছে, তারা এখনও সঙ্কটের কূটনৈতিক সমাধানের ব্যাপারে আশাবাদী।
এর আগে গত বুধবার তুরস্কের সেনাবাহিনী রয়টার্সকে জানায়, তুর্কি যুদ্ধবিমান এবং স্থল বাহিনী গত রোববার থেকে মঙ্গলবার সন্ধ্যার মধ্যে তুরস্ক সীমান্ত সংলগ্ন উত্তর ইরাকের কুর্দি বিদ্রোহিদের ওপর হামলা চালিয়েছে।
সূত্রগুলো জানায়, যুদ্ধবিমানগুলো ইরাকের ২০ কিলোমিটার ভেতরে প্রবেশ করে। পাশাপাশি, তুর্কি বাহিনীর অন্ততপক্ষে তিনশ' স্থল সেনা প্রায় ১০ কিলোমিটার ভেতরে ঢুকে নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) ৩৪ জন বিদ্রোহীকে হত্যা করে।
সূত্রগুলো আরও জানায়, পার্বত্য সীমান্ত এলাকায় তুর্কি বাহিনী অতীতে যেমন ছোটখাটো হামলা চালিয়েছে রবি ও মঙ্গলবারের হামলাটিও ছিল সে ধরনের হামলা।
একইদিন তুরস্কের এক সেনা কর্মকর্তা বলেন, উত্তর ইরাকে আরও হামলা চালানো হতে পারে।
এদিকে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস বুধবার বলেছেন, উত্তর ইরাকে বড় ধরনের হামলা শুরু করার আগে তুরস্কের উচিত হবে কুর্দি বিদ্রোহিদের সম্পর্কে ভালভাবে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা।
কুর্দি বিদ্রোহিদের নিয়ে চলমান এ উত্তেজনা কমানোর লক্ষ্যে আগামী ২ ও ৩ নভেম্বর তুরস্ক সফরের পরিকল্পনা নিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস। ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সিন ম্যাককরম্যাক বলেন, রাইস তার সফরে তুর্কি প্রেসিডেন্ট আবদুল্লাহ গুল এবং প্রধানমন্ত্রী তায়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করবেন।
বুধবার তুরস্কের শক্তিশালী নিরাপত্তা পরিষদ ছয় ঘণ্টা ধরে চলমান পরিস্থিতি নিয়ে বৈঠক করেন। বৈঠকের পর তুর্কি নিরাপত্তা পরিষদ জানিয়েছে, পিকেকেকে যারা সাহায্য করে তাদের বিরুদ্ধে অর্থনৈতিক পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছেন তারা। তবে এ বিষয়ে তারা বিস্তারিত জানায়নি।
প্রসঙ্গত, উত্তর ইরাক তাদের বিদ্যুৎ, পানি ও খাবারের জন্য তুরস্কের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/ এলকিউ/১৫৪৬ঘ.
bdnews24