করাচি, অক্টোবর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রক্তক্ষয়ী আত্মঘাতী হামলার চারদিন পরই মঙ্গলবার হত্যার হুমকি দেওয়া হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে। আল-কায়েদার মিত্ররাই তাকে এ হুমকি দিয়েছে বলে জানানো হয় ।
বেনজির ভুট্টোর আইনজীবী সিনেটর ফারুক নায়েক জানিয়েছেন, মঙ্গলবার আবারও তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
রয়টার্সকে ফারুক নায়েক বলেন, " বেনজীর ভুট্টোকে যিনি হুমকিটি পাঠিয়েছেন তিনি নিজেকে আত্মঘাতীদের প্রধান বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি নিজেকে আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেন ও 'পাকিস্তানি জিহাদিদের' বন্ধু বলে দাবি করেছেন।"
৮ বছরের স্বেচ্ছা নির্বাসন শেষে বেনজির ভুট্টো গত বৃহস্পতিবার দেশে ফেরার কয়েক ঘণ্টার মধ্যে করাচিতে তার গাড়িবহরে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলা হয়। এতে ১৩৩ জন নিহত ও কমপক্ষে ২৯০ জন আহত হয়।
ফারুক নায়েক জানান, হুমকিদাতা চিঠিতে লিখেছেন, ভুট্টোকে গাড়িতে অথবা তার শয়নকক্ষে ছুরি দিয়ে হত্যা করা হবে।
তিনি বলেন, "এই হুমকিকে গুরুত্বের সঙ্গে নেওয়া উচিৎ, এমনকি সেটা যদি কোনো পাগলও পাঠিয়ে থাকে।"
গত সোমবার করাচিতে এক সংবাদ সম্মেলনে বেনজির ভুট্টো নিজেই দাবি করেছিলেন তাকে এখনও বিভিন্নভাবে হত্যার হুমকি দেওয়া হচেছ। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, তার নিরাপত্তায় সরকার যে ব্যবস্থা নিয়েছে তা পর্যাপ্ত নয়।
বেনজির সোমবার প্রধান তদন্ত কর্মকর্তার অপসারণ দাবি করে বলেন, ১৯৯৯ সালে ওই কর্মকর্তার উপস্থিতিতেই তার স্বামী আসিফ আলী জারদারিকে নির্যাতন করা হয়েছিল।
এর আগে গত রোববার তিনি বোমা হামলার ঘটনা তদন্তে আন্তর্জাতিক সাহায্য চাওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বেনজিরের ওপর আত্মঘাতী হামলার অভিযোগে পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি। যদিও হামলার পরপরই পাকিস্তান সরকার এজন্য ইসলামী জঙ্গি ও বিদ্রোহীদের দায়ী করেছিল।
করাচির পুলিশ প্রধান আজহার ফারুকি রয়টার্সকে জানান, আত্মঘাতী হামলাকারী দুইজন নাকি একজন এবং হামলাকারী সন্দেহে যে ছিন্ন মস্তকের ছবি প্রকাশ করা হয়েছে সেটি আদৌ হামলাকারীর কিনা সে ব্যাপারে পুলিশ এখনও নিশ্চিত নয়।
তবে শনিবার পুলিশ দাবি করেছিল, তারা আত্মঘাতী হামলাকারীকে সনাক্ত করতে পেরেছে। হামলাকারীর মাথাটি উদ্ধার করে ডিএনএ পরীক্ষা করা হচ্ছে।
পুলিশ প্রধান জানিয়েছেন, তদন্তে এখনও পর্যন্ত কোনো সংগঠনকে সন্দেহ করা যাচ্ছে না। তবে স্বরাষ্ট্রমন্ত্রী আফতাব আহমেত খান শেরপাও জানিয়েছেন, তদন্ত থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে ওই হামলার জন্য আফগান সীমান্তবর্তী আদিবাসীরা দায়ী হতে পারে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এসকে/২২৫৫ঘ.
bdnews24