২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেনজির ভুট্টোকে আবারও হত্যার হুমকি

পাকিস্তানের বিরোধীদলীয় নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে মঙ্গলবার আবারও হত্যার হুমকি দেওয়া হয়েছে। তাকে হত্যার উদ্দেশ্যে আত্মঘাতী হামলার চারদিন পর এবার তাকে হুমকি দিয়েছে আল-কায়েদার মিত্ররা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2007, 04:02 PM

Updated : 26 Aug 2022, 08:49 PM

করাচি, অক্টোবর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের বিরোধীদলীয় নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে মঙ্গলবার আবারও হত্যার হুমকি দেওয়া হয়েছে। তাকে হত্যার উদ্দেশ্যে আত্মঘাতী হামলার চারদিন পর এবার তাকে হুমকি দিয়েছে আল-কায়েদার মিত্ররা। ৮ বছরের স্বেচ্ছা নির্বাসন শেষে বেনজির ভুট্টো গত বৃহস্পতিবার দেশে ফেরেন। এর কয়েক ঘণ্টার মধ্যে করাচির রাস্তায় তার গাড়িবহরে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলা হয়। এতে ১৩৩ জন নিহত ও কমপক্ষে ২৯০ জন আহত হয়। বেনজির ভুট্টোর আইনজীবী সিনেটর ফারুক নায়েক জানিয়েছেন, মঙ্গলবার আবারও তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। রয়টার্সকে তিনি বলেন, "ভুট্টোকে যিনি হুমকিটি পাঠিয়েছেন তিনি নিজেকে আত্মঘাতিদের প্রধান বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেন ও পাকিস্তানি জিহাদিদের বন্ধু বলে দাবি করেছেন।" ফারুক নায়েক জানান, হুমকি দাতা চিঠিতে লিখেছেন, ভুট্টোকে গাড়িতে অথবা তার শয়নকক্ষে ছুরি দিয়ে হত্যা করা হবে। তিনি বলেন, "এই হুমকিকে গুরুত্বের সঙ্গে নেওয়া উচিৎ, এমনকি সেটা যদি কোনো পাগলেও পাঠিয়ে থাকে।" গত সোমবার করাচিতে এক সংবাদ সম্মেলনে বেনজির ভুট্টো নিজেই দাবি করেছিলেন তাকে এখনও বিভিন্নভাবে হত্যার হুমকি দেওয়া হচেছ। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, তার নিরাপত্তায় সরকার যে ব্যবস্থা নিয়েছে তা পর্যাপ্ত নয়। সোমবার তিনি প্রধান তদন্ত কর্মকর্তার অপসারণ দাবি করে জানান, ১৯৯৯ সালে ওই কর্মকর্তার উপস্থিতিতেই তার স্বামী আসিফ আলী জারদারিকে নির্যাতন করা হয়েছিল। এর আগে গত রোববার তিনি বোমা হামলার ঘটনা তদন্তে আন্তর্জাতিক সাহায্য চাওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। বেনজিরের ওপর আত্মঘাতী হামলার অভিযোগে পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি। যদিও হামলার পরপরই পাকিস্তান সরকার এজন্য ইসলামী জঙ্গি ও বিদ্রোহিদের দায়ী করেছিল। করাচি পুলিশ প্রধান আজহার ফারুকি রয়টার্সকে জানান, আত্মঘাতী হামলাকারী দুইজন নাকি একজন এবং হমলাকারী সন্দেহে যে ছিন্ন মস্তকের ছবি প্রকাশ করা হয়েছে সেটি আদৌ হামলাকারীর নিনা সে ব্যাপারে পুলিশ এখনও নিশ্চিত নয়। তবে শনিবার পুলিশ দাবি করেছিল, তারা আত্মঘাতী হামলাকারীকে সনাক্ত করতে পেরেছে। হামলাকারীর মাথাটি উদ্ধার করে ডিএনএ পরীক্ষা করা হচ্ছে। পুলিশ প্রধান জানিয়েছেন, তদন্তে এখনও পর্যন্ত কোনো সংগঠনকে সন্দেহ করা যাচ্ছে না। তবে স্বরাষ্ট্রমন্ত্রী আফতাব আহমেত খান শেরপাও জানিয়েছেন, তদন্ত থেকে বোঝা ওই হামলার জন্য আফগান সীমান্তবর্তী আদিবাসিরা দায়ী হতে পারে। তিনি বলেন, "ওয়াজিরিস্তান ও অন্য কয়েকটি আদিবাসী এলাকায় আত্মঘাতী হামলাকারীদের প্রশিক্ষণ দেওয়া হয়। ওয়জিরিস্তানেই আছে এ ধরনের তিনটি দল। সুতারাং সন্দেহের তীর তাদের দিকেই। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১৫৫ঘ.