২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

করাচিতে আত্মঘাতী বোমা হামলাকারীর ছবি প্রকাশ

করাচিতে বেনজিরের শোভাযাত্রায় আত্মঘাতী বোমা হামলাকারীর ছবি প্রকাশ করেছে পাকিস্তানি পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হামলাকারীর দেহ থেকে বিচ্ছিন্ন মাথার ছবিটি শনিবার দেশটির উর্দু ভাষার বিভিন্ন দৈনিকে ছাপা হয়। আত্মঘাতী হামলাকারীর বয়স ২০ থেকে ২৫ এর মধ্যে বলে জানিয়েছেন নিরাপত্তা কর্মকর্তারা। ওই ব্যক্তি করাচির বাসিন্দা বলেও ধারণা করছে পুলিশ। আত্মঘাতী ওই বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৩৯ জনে পৌঁছেছে। এতে আহত হন আরও ৩২৫ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2007, 04:04 PM

Updated : 26 Aug 2022, 08:48 PM

করাচি, অক্টোবর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - করাচিতে বেনজিরের শোভাযাত্রায় আত্মঘাতী বোমা হামলাকারীর ছবি প্রকাশ করেছে পাকিস্তানি পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হামলাকারীর দেহ থেকে বিচ্ছিন্ন মাথার ছবিটি শনিবার দেশটির উর্দু ভাষার বিভিন্ন দৈনিকে ছাপা হয়। আত্মঘাতী হামলাকারীর বয়স ২০ থেকে ২৫ এর মধ্যে বলে জানিয়েছেন নিরাপত্তা কর্মকর্তারা। ওই ব্যক্তি করাচির বাসিন্দা বলেও ধারণা করছে পুলিশ। আত্মঘাতী ওই বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৩৯ জনে পৌঁছেছে। এতে আহত হন আরও ৩২৫ জন। এদিকে পাকিস্তানে ফিরে বোমা হামলার শিকার হয়েও গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। ৮ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার কয়েক ঘন্টার মধ্যেই তার গাড়িবহরে ভয়াবহ ওই আত্মঘাতী বোমা এবং গ্রেনেড হামলা চালানো হয়। এ ঘটনার পর এক সংবাদ সম্মেলনে বেনজির বলেছেন, " আমি ও আমার সহকর্মীরা পাকিস্তানকে বাঁচাতে চাই। আর পাকিস্তানকে বাঁচানোর জন্য গণতন্ত্রকে বাঁচাতে চাই।" বোমা হামলা সম্পর্কে বেনজির বলেন, "আমি দেশকে যা উপহার দিতে চাই, হামলাটি হয়েছে তার ওপর। হামলাটি আসলে হয়েছে পাকিস্তানের গণতন্ত্র, একতা এবং অখন্ডতার ওপর।" সেনা শাসন থেকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় পাকিস্তানের উত্তোরণ ঘটানোর লক্ষ্যে নিজ দল পিপিপি'র নেতৃত্ব দিতেই স্বেচ্ছা নির্বাসন থেকে গত বৃহস্পতিবার দেশে ফিরেছেন বেনজির। দেশে ফেরার জন্য জঙ্গিদের হামলার হুমকিও তিনি অগ্রাহ্য করেছেন। বলেছেন, "এ মুহূর্তে তিনি মৃত্যুর কথা চিন্তা করছেন না। জনগণের কথাই এ মুহূর্তে তার কাছে বিবেচ্য।" বোমা হামলার মুখেও তার এ অবস্থান পরিবর্তন হয়নি। বেনজিরের শোভাযাত্রায় গ্রেনেড ও আত্মঘাতী বোমা হামলার জন্য ইসলামপন্থী জঙ্গি ও সন্ত্রাসবাদীদের দায়ী করেছে পাকিস্তানের সরকার। এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার না করলেও দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে বলেছে, এটা অবশ্যই জঙ্গি ও সন্ত্রাসবাদীদের কাজ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাভেদ ইকবাল চিমা বলেছেন, " অবশ্যই এটা জঙ্গি এবং সন্ত্রাসবাদীদের কাজ।" প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ এক বোমা হামলার পর তাৎক্ষণিকভাবে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, "এ হামলা গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র।" এদিকে, পাকিস্তান পুলিশ দাবি করছে, এটি ছিল আত্মঘাতী হামলা এবং মূল হামলাকারীকে তারা সনাক্ত করতে পেরেছে। আত্মঘাতীর মাথাটি তারা উদ্ধার করেছে এবং এর ডিএনএ পরীক্ষা করা হচ্ছে। হামলার বিষয়ে যে কোনো তথ্যের জন্য ৫০ লাখ রুপি (৮২ হাজার ডলার) পুরস্কার ঘোষণা করা হয়েছে। শুক্রবার পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা মনজুর মুঘল জানান, "প্রথম বিস্ফোরণটি ঘটানো হয় গ্রেনেডের মাধ্যমে আর দ্বিতীয়টি ছিল আত্মঘাতী হামলা।" এ বোমা হামলার আগে ভুট্টোর দেশে ফেরা নিয়ে পাকিস্তানের জঙ্গি অধুষ্যিত ওয়াজিরিস্তান অঞ্চলের তালেবান কমান্ডার হাজি ওমর স্যাটেলাইট টেলিফোনে রয়টার্সকে বলেছিলেন, "যুক্তরাষ্ট্রের সঙ্গে তার (বেনজিরের) চুক্তি আছে। পারভেজ মুশাররফের মতো আমরা তার ওপরও হামলা চালাব।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমআই/এলকিউ/এএমটি/১৪৫০ ঘ.