বোস্টন, অক্টোবর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মিয়ানমারে গত মাসে বৌদ্ধ ভিক্ষুদের নেতৃত্বাধীন জনবিক্ষোভ শুরুর আগে জান্তা সরকার প্রায় ১২শ' রাজনীতিককে কারাবন্দি করে রেখেছিল। মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি নজরদারিতে নিযুক্ত জাতিসংঘ বিশেষজ্ঞ এক তদন্ত প্রতিবেদনে একথা জানিয়েছেন।
জাতিসংঘের বিশেষজ্ঞ তদন্ত কর্মকর্তা পলো সার্জিও পিনেরোর প্রতিবেদনে দেখা গেছে, ২০০৫ সালের জানুয়ারি মাসে রাজনীতিক বন্দির সংখ্যা ছিল কমপক্ষে ১১শ' এবং এ বছরের জুলাই মাস নাগাদ তা বেড়ে দাঁড়ায় ১১শ' ৯২ জনে। প্রতিবেদনটি আগামী সপ্তায় জাতিসংঘে জমা দেওয়ার কথা রয়েছে পিনেরোর।
১৯ পাতার ওই প্রতিবেদনে গণতন্ত্রপন্থি বিক্ষোভ দমনের আগের ব্যাপক নির্যাতনের চিত্র ফুটে উঠেছে। এসব নির্যাতনের মধ্যে রয়েছে জমি দখলের উদ্দেশ্যে স্বৈরাচারীভাবে সম্পদ দখল, কঠোর কারা শর্তারোপ এবং বাধ্যতামূলক শ্রম।
প্রতিবেদনটির একটি কপি রয়টার্স পেয়েছে। তাতে বলা হয়েছে, "বিশেষ তদন্ত কর্মকর্তা গ্রামবাসীদের কাছ থেকে অসংখ্য অভিযোগ পেয়েছেন। তাদের অভিযোগ, বাধ্যতামূলক শ্রম দিতে অস্বীকার করায় তাদেরকে কঠোর শাস্তি দেওয়া হচ্ছে।"
শুক্রবার রয়টার্সকে পাঠানো এক ই-মেইলে পিনেরো জানিয়েছেন, প্রতিবেদনটি গত আগস্ট মাসে সম্পন্ন হয়েছে এবং জাতিসংঘে উপস্থাপন করার আগে ছয়টি ভাষায় তা অনুবাদ ও সম্পাদনা করার জন্য কয়েক সপ্তা আগে জাতিসংঘের কাছে পাঠানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এ বছরের ১২ জানুয়ারি থেকে ৩১ জুলাইয়ের মধ্যবর্তী সময়ে মিয়ানমারের জান্তা সরকার সম্পদ দখলের জন্য স্বৈরাচারীভাবে সম্পদ দখল করেছে এবং জোরপূর্বক দেশের অধিবাসীদের এক স্থান থেকে অন্যত্র সরিয়ে নিয়েছে।
২০০০ সালে দায়িত্ব পাওয়ার পর ছয় বার মিয়ানমার সফর করেছেন পিনেরো। তবে বারবার অনুরোধ জানানো সত্ত্বেও ২০০৩ সালের নভেম্বর মাসের পর তাকে আর সফরের অনুমতি দেয়নি মিয়ানমারের জান্তা। পিনেরো তার ২০০৭ সালের এ প্রতিবেদন তৈরি করেছেন বিভিন্ন স্বাধীন এবং নির্ভরযোগ্য সূত্রর মাধ্যমে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১২২৮ ঘ.
bdnews24