মস্কো, অক্টোবর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মানবাধিকার ইস্যুতে পশ্চিমা বিশ্বের সমালোচনার জবাব দিতে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘন পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করছে রাশিয়া। এই কেন্দ্র স্থাপনের প্রধান উদ্যোক্তা আনাতোলি কুচেরেনা শুক্রবার একথা জানান।
আনাতোলি কুচেরেনা রাশিয়ার একজন খ্যাতনামা আইনবিদ ও মানবাধিকার বিষয়ে সরকার গঠিত কাউন্সিলের সদস্য। তিনি সাংবাদিকদের জানান, ব্রাসেলস অথবা জার্মানিতে এই সংস্থার কেন্দ্রীয় কার্যালয় স্থাপন করা হতে পারে।
কুচেরেনা বলেন, "মানবাধিকার নিয়ে বিগত বছরগুলোতে রাশিয়ার বিরুদ্ধে অনেক সমালোচনা করা হয়েছে। কিন্তু আমি বলছি, অন্যান্য দেশেও সেটা হচেছ।'
তিনি আরও বলেন, "ধরে নিন, ফ্রান্সের মানবিধার নিয়ে রাশিয়া বা রাশিয়ার মানবাধিকার কর্মীরা একটি রিপোর্ট দিল। তখন কি ঘটবে?"
প্রেসিডেন্ট পুতিনের শাসনে রাশিয়ায় গণতন্ত্র ও বাকস্বাধীনতার টুটি চেপে ধরা হয়েছে এবং উত্তর ককেসাস অঞ্চলে ইসলামী বিদ্রোহিদের বর্বোরচিতভাবে দমন করা হচ্ছে বলে সমালোচনা করে পশ্চিমা সরকারগুলো।
অভিযোগ অস্বীকার করে পুতিন দাবি করেন, এই ধরনের সমালোচনার কোনো ভিত্তি নেই। তিনি পাল্টা অভিযোগ করেন, পশ্চিমা সরকারগুলো রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করছে।
গুয়েন্তানামো বন্দিশিবির ও এ বছর এস্তোনিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে আদিবাসী রাশিয়ান নিহত হওয়ার ঘটনা উল্লেখ করে প্রেসিডেন্ট পুতিন অভিযোগ করেন, পশ্চিমা সরকারগুলো নিজেরাই মানবাধিকার লঙ্ঘন করছে।
আনাতোলি কুচেরেনা বলেন, "মানবাধিকার নিয়ে কাজ করে এমন সংস্থাগুলোর সঙ্গে মত বিনিময়ের জন্যই এই কেন্দ্র স্থাপন করা হচ্ছে। পশ্চিমাদের সঙ্গে বিরোধের জন্য নয়।"
তিনি বলেন, "মানবাধিকার তালিকায় পশ্চিমারা রাশিয়াকে ১৪৫ নম্বরে রেখেছে। এতে আমি সত্যিই হতাশ। জানি না এই তালিকা তৈরির জন্য তারা কোন পদ্ধতি ব্যবহার করে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১৪১ঘ.
bdnews24