প্যারিস, অক্টোবর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- স্ত্রী সিসিলিয়ার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির। বহু জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার প্রেসিডেন্টের দপ্তর থেকে এক বিবৃতিতে একথা ঘোষণা করা হয়।
বিবৃতিতে বলা হয়, "সিসিলিয়া ও নিকোলাস সারকোজি পারস্পরিক সম্মতির ভিত্তিতে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন।"এতে বিস্তারিত কিছু জানানো হয়নি। এর ফলে তাদের ১১ বছরের দাম্পত্য জীবনের অবসান হল।
ফরাসি গণমাধ্যম গত সপ্তাহে জানিয়েছিল, ছাড়াছাড়ির বিষয়টি চূড়ান্ত করতে প্রেসিডেন্ট দম্পতি গোপনে একজন বিচারকের সঙ্গে দেখা করেছেন। কিন্তু কয়েকজন বিশেষজ্ঞ জানান, আইনগতভাবে সারকোজির ডিভোর্স নেওয়ার বাধ্যবাধকতা নেই, কেননা প্রেসিডেন্ট হিসেবে তিনি সব ধরণের বিচার বিভাগীয় পদক্ষেপ থেকে অব্যাহতি পাওয়ার অধিকারী।
আধুনিক ফ্রান্সের ইতিহাসে ক্ষমতাসীন অবস্থায় বিবাহবিচ্ছেদ হওয়া প্রথম প্রেসিডেন্ট সারকোজি। এ জন্য তিনি সমালোচনার মুখে পড়বেন।
সারকোজির ক্ষমতার শীর্ষে ওঠার পেছনে স্ত্রী সিসিলিয়ার অবদান অনেক। স্বরাষ্ট্র ও অর্থমন্ত্রী থাকাকালে স্ত্রী তার উপদেষ্টা ছিলেন।
এক বিখ্যাত টেলিভিশন উপস্থাপকের সঙ্গে ১৯৮৪ সালে সিসিলিয়ার প্রথম বিয়ে হয়। সেই বিয়ের অনুষ্ঠানেই তার সঙ্গে সারকোজির পরিচয়। সংশ্লিষ্ট শহরের মেয়র হিসেবে সারকোজির হাতেই তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সারকোজি জানিয়েছিলেন, সিসিলিয়া সঙ্গে সাক্ষাতের পরপরই তিনি তার প্রেমে পড়েন। এরপর ওই দম্পতির সঙ্গে দ্রুতই সারকোজির বন্ধুত্ব হয়ে যায়।
প্রথম বিয়ের পর অল্প সময়ের মধ্যে সিসিলিয়ার দুটি সন্তান হয়। কিন্তু সারকোজির জন্য পাঁচ বছরের মাথায় তিনি স্বামীকে ত্যাগ করেন। সারকোজিও তখন বিবাহিত। দুজনই আগের পক্ষের থেকে ডিভোর্স নিয়ে ১৯৯৭ সালে বিয়ে করেন। সারকোজি ও সিসিলিয়া দম্পতির ১০ বছরের একটি ছেলে আছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এসকে/২০৩৭ঘ.
bdnews24