ওয়াশিংটন, অক্টোবর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা বুধবার মার্কিন কংগ্রেসের স্বর্ণপদক গ্রহণ করেছেন। তাকে পুরস্কৃত করাকে যুক্তরাষ্ট্রের প্রহসন বলে অভিহিত করেছে চীন। সেইসঙ্গে এ ব্যাপারে অভিযোগ জানাতে চীন মার্কিন রাষ্ট্রদূতকেও তলব করেছে। (আরও তথ্যসহ)
ক্ষুব্ধ চীন দালাইলামাকে পুরস্কৃত করার এই পদক্ষেপের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্ক মারাত্মকভাবে ক্ষুন্ন হয়েছে বলে জানিয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্রলিউ জিয়ানচাও এক সংবাদ সম্মেলনে বলেছেন, " যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ চীনের অভ্যন্তরীন বিষয়ে ন্যাক্কারজনক হস্তক্ষেপ। এর মধ্য দিয়ে চীনা জনগণের অনুভূতিতে আঘাত করা হয়েছে। চীন এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক এতে চরম ক্ষতিগ্রস্ত হয়েছে।"
লিউ বলেন, "এই ভয়াবহ ক্ষতি পূরণের জন্য আমরা যুক্তরাষ্ট্রকে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।" কিন্তু যুক্তরাষ্ট্র কিভাবে এই ক্ষতি পূরণ করবে সে সম্পর্কে লিউ বিস্তারিত কিছু বলেননি। তিনি কেবল বলেন, কিভাবে এই ক্ষতি মেরামত করতে হবে সে সম্পর্কে ওয়াশিংটন পুরোপুরি ওয়াকিবহাল।
উল্লেখ্য, চীনের প্রতিবাদ সত্ত্বেও পুরস্কার দেওয়ার আগে মঙ্গলবার দালাই লামাকে হোয়াইট হাউসে স্বাগত জানান প্রেসিডেন্ট বুশ। চীন সতর্ক করে দিয়ে বলে, তাকে পুরস্কার দেওয়া হলে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যকার সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে।
১৯৫৯ সালে চীনা শাসনের বিরুদ্ধে একটি ব্যর্থ অভ্যুত্থানের পর দালাই লামা ভারতে পালিয়ে যান। এরপর থেকে তিনি তিব্বতের সংখ্যাগুরু বৌদ্ধ অধ্যুষিত অঞ্চলে বৃহত্তর শায়ত্ত্বশাসনের দাবি করে আসছেন। যদিও চীন দালাই লামাকে বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী আখ্যা দিয়ে থাকে।
দালাই লামামে পুরস্কৃত করাকে প্রহসন বলে অভিহিত করেছে চীন। দেশটির ধর্ম বিষয়ক রাষ্ট্রীয় প্রশাসনের মহাপরিচালক এয়ে জিয়াওয়েন সাংবাদিকদের বলেন এই প্রহসনের নায়ক দালাই লামা।
গত মঙ্গলবার তিব্বতের কমিউনিস্ট পার্টির প্রধান ঝ্যাং কুইঙলি মঙ্গলবার সাংবাদিকদের বলেন, "দালাই লামা যদি এই পুরস্কার পান তাহলে বুঝতে হবে পৃথিবীতে কোনো বিচার নেই, ভালো মানুষ নেই।"
দালাই লামাকে পুরস্কৃত করার মার্কিন সিদ্ধান্তের প্রতিবাদে চীন চলতি সপ্তাহে অনুষ্ঠেয় বিশ্ব শক্তিগুলোর একটি বৈঠক থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে। ওই বৈঠকে ইরানের ব্যাপারে আলোচনা হবে।
এছাড়া, জার্মান চ্যান্সেলর এঞ্জেলা মার্কেল গত সেপ্টেম্বরে দালাই লামার সঙ্গে সাক্ষাৎ করায় চীন জার্মানির সঙ্গে মানবাধিকার বিষয়ক একটি বার্ষিক সংলাপ বাতিল করেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৩৩৬ঘ.
bdnews24