জেনেভা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়তে নতুন একটি ফোরাম গঠন করেছেন জাতিসংঘের সাবেক মহাসচিব কোফি আনান। তিনি জানিয়েছেন, 'গ্লোবাল হিউম্যানিটারিয়ান ফোরাম' নামের নতুন এই সংস্থাটি জলবায়ু পরিবর্তনবিরোধী বিশ্ব উদ্যোগগুলোর মধ্যে সমন্বয় সাধনের ওপর গুরুত্ব দেবে।
নতুন এই ফোরামটি হবে জেনেভা কেন্দ্রিক। এতে অর্থায়ন ও সহযোগিতা করবে সুইজারল্যান্ড কর্তৃপক্ষ। জাতিসংঘের সাবেক ও বর্তমান ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন দেশের সাবেক রাষ্ট্রপ্রধান, ব্যাংকার ও বিশেষজ্ঞরা এই ফোরামের পরিচালনা পর্ষদে থাকবেন।
'গ্লোবাল হিউম্যানিটারিয়ান ফোরাম' এর আনুষ্ঠানিক উদ্বোধনের আগে সংবাদ সম্মেলনে কোফি আনান বলেন, "বিশ্বব্যাপী মানুষকে জানানো প্রয়োজন জলবায়ু পরিবর্তন কমছে না বরং আরো বাড়ছে। তাই এর বিরুদ্ধে আমাদের সবাইকে এক সঙ্গে লড়তে হবে।"
তিনি আরও বলেন, "আমাদের সবাইকে বুঝতে হবে জলবায়ু পরিবর্তনবিরোধী লড়াই একটি আন্তর্জাতিক ইস্যু। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, যাতে এক জনের প্রাণের বিনিময়ে অন্যজনকে রক্ষা পেতে না হয়।"
আফ্রিকার দেশ ঘানার নাগরিক কোফি আনান গত বছরের শেষ পর্যন্ত জাতিসংঘের মহাসচিব ছিলেন। তিনি জানান, জলবায়ু পরিবর্তনবিরোধী আলোচনা আরও এগিয়ে নিতে ২০০৮ সালের জুলাইতে জেনেভায় ফোরামের প্রথম সম্মেলনে সারা বিশ্বের উচ্চপর্যায়ের নীতি নির্ধারকদের আমন্ত্রণ জানানো হবে।
জাতিসংঘের ইন্টারগর্ভনমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (আইপিসিসি) এর প্রধান রাজেন্দ্র পাচৌরি বলেছেন, নতুন এই ফোরামের ফলে জলবায়ু পরিবর্তনবিরোধী লড়াইয়ে সহযোগিতা বাড়বে। আইপিসিসি এ বছর সাবেক মার্কিন প্রেসিডেন্ট আল গোরের সঙ্গে যৌথভাবে শান্তিতে নোবেল পেয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/২৩০০ ঘ.
bdnews24