কলম্বো, অক্টোবর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শ্রীলঙ্কায় মানবাধিকার সংক্রান্ত সরকারি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন চার উপদেষ্টা। তারা জানিয়েছেন, মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে কোনো অবদান রাখার সুযোগ না পাওয়ায় তারা পদত্যাগ করেছেন।
জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান লুইস আরবারের সপ্তাহব্যাপী শ্রীলঙ্কা সফরের পর উপদেষ্টারা পদত্যাগ করলেন। লুইস আরবার তার সফর শেষে অভিযোগ করেছিলেন, শ্রীলঙ্কায় হত্যা, অপহরণ ও নিখোঁজ হওয়ার অনেক রিপোর্ট পাওয়া যাচেছ এবং সে ঘটনাগুলোর কোনো ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না।
পদত্যাগকারী এক উপদেষ্টা রোহান এদ্রিসিনহা বলেন, "প্রায় দেড় বছর এই কমিটিতে আছি তারপরও আমরা কিছুই করতে পারিনি। দিন দিন মানবাধিকার পরিস্থিতির আরও অবনতি হচ্ছে।"
তিনি আরও বলেন, "আমরা বুঝতে পেরছি, এই কমিটিতে থেকে মানবাধিকার রক্ষায় আমরা কিছুই করতে পারব না।"
মানবাধিকার কর্মীদের অভিযোগ, গত বছর থেকে শ্রীলঙ্কায় শতশত হত্যা অথবা অপহরণের ঘটনা ঘটেছে। এছাড়া ১৯৮৩ সাল থেকে শুরু হওয়া গৃহযুদ্ধে এ পর্যন্ত প্রায় ৭০ হাজার মানুষ নিহত হয়েছেন।
শ্রীলঙ্কার সামরিক ও আধাসামরিক বাহিনীর একটি অংশ ও তামিল টাইগার বিদ্্েরাহীরা মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত।
তবে দেশটির সরকার দাবি করে সেনাবাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের যে অভিযোগ আছে তা অতিরঞ্জিত।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮০০ ঘ.
bdnews24