২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেনজিরকে সাধারণ ক্ষমার বৈধতা চ্যালেঞ্জ করছে আদালত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর বিরুদ্ধে সকল অভিযোগ প্রত্যাহার করে প্রেসিডেন্ট মুশাররফের সাধারণ ক্ষমা ঘোষণাকে চ্যালেঞ্জ করছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ইফতেখার চৌধুরী শুক্রবার জানিয়েছেন, সাধারণ ক্ষমার বৈধতা চ্যালেঞ্জ করে পাঁচটি অভিযোগের শুনানি তিনি গ্রহণ করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2007, 12:38 PM

Updated : 26 Aug 2022, 08:46 PM

ইসলামাবাদ, অক্টোবর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর বিরুদ্ধে সকল অভিযোগ প্রত্যাহার করে প্রেসিডেন্ট মুশাররফের সাধারণ ক্ষমা ঘোষণাকে চ্যালেঞ্জ করছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ইফতেখার চৌধুরী শুক্রবার জানিয়েছেন, সাধারণ ক্ষমার বৈধতা চ্যালেঞ্জ করে পাঁচটি অভিযোগের শুনানি তিনি গ্রহণ করবেন। ইফতেখার চৌধুরী বলেন, "ভুট্টোকে সাধারণ ক্ষমা ঘোষণা সংবিধান বর্হিভূত কিনা তা যাচাই করে দেখবে আদালত।" তিনি আরও বলেন, "আদালত যদি সিদ্ধান্তে আসে সাধারণ ক্ষমা ঘোষণা সংবিধান বর্হিভূত, তাহলে কোনো ব্যক্তি এর আওতায় নিরাপত্তা দাবি করতে পারবেন না।" গত ৬ অক্টোবর নির্বাচনের আগে প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ সাধারণ ক্ষমা ঘোষণা করে বেনজির ভুট্টোর বিরুদ্ধে ১৯৮৫ থেকে ৯৯ সাল পর্যন্ত সকল অভিযোগ প্রত্যাহর করে নেন। এর ফলে স্বেচ্ছা প্রবাসী বেনজিরের দেশে ফেরার পথ সহজ হয়। তিনি ঘোষণা দিয়েছেন আগামী ১৮ অক্টোবর দেশে ফিরবেন। সাধারণ ক্ষমার বিনিময়ে বেনজিরের দল 'পাকিস্তান পিপলস্ পার্টি'র সদস্যরা পার্লামেন্ট থেকে পদত্যাগ করা থেকে বিরত থাকেন। মুশাররফের প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিবাদে নির্বাচনের আগে কয়েকটি বিরোধী দলের পার্লামেন্ট সদস্যরা পদত্যাগ করেন। বেনজিরের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির প্রথম পদক্ষেপ হিসেবে প্রেসিডেন্ট মুশাররফ বেনজিরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। কিন্তু বিশ্লেষকরা বলছেন, সাধারণ ক্ষমা ঘোষণা আইন সম্মত নয়। এর বৈধ্যতা চ্যালেঞ্জ করে মুশাররফ বিরোধীরা আদালতে পাঁচটি অভিযোগ দায়ের করেছেন। গত ৬ অক্টোবরের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল আদালতে ঝুলে রয়েছে। মুশাররফ অধিকাংশ ভোটে বিজয়ী হলেও এখনও আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়নি। সেনাপ্রধানের পদে থেকে তার প্রেসিডেন্ট নির্বাচনের বৈধ্যতা চ্যালেঞ্জ করে দায়ের করা অভিযোগের বিষয়ে আগামী ১৭ অক্টোবর সুপ্রিম কোর্টে শুনানি হবে। প্রেসিডেন্ট মুশাররফ গত বুধবার বেনজিরকে আদালতের রায় না হওয়া পর্যন্ত দেশে না ফেরার অনুরোধ জানিয়েছেন। তবে বেনজিরের দল জানিয়ে দিয়েছে তিনি পূর্ব পরিকল্পনা অনুযায়ী দেশে ফিরবেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮৩১ঘ.