নয়াদিল্লি, অক্টোবর, ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পরমাণু চুক্তি নিয়ে ভারতে অভ্যন্তরীণ কোন্দলের মাঝেও এ চুক্তির পক্ষে জোরাল বক্তব্য রেখেছেন জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) প্রধান এল বারাদি। বুধবার নয়াদিল্লি সফরকালে তিনি বলেন, "যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পরমাণু চুক্তি ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অপরিহার্য।" ভারত এই চুক্তি নিয়ে এগুলে পার্লামেন্টে সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেওয়ার হুমকি দিয়েছে বামপন্থিরা। বারাদি এ হুমকির মুখেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জির সঙ্গে বুধবার বৈঠক করেন।
বৈঠকের পর এল বারাদি সাংবাদিকদের বলেন, "চুক্তির ব্যাপারে সিদ্ধান্ত নেবে সরকার। কিন্তু আমি ভারতকে পরমাণু প্রযুক্তির ক্ষেত্রে একজন পরিপূর্ণ অংশীদার হিসাবেই চাইব। ভারত প্রতিটি প্রযুক্তি কাজে লাগাক তাও আমি চাই।"
বারাদি আরও বলেন, "কোনো জ্বালানি (সেটি কেবল পরমাণু জ্বলানি নয়, সব ধরনের জ্বালানি) ছাড়া একটি দেশ ১০ শতাংশ হারে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে পারে না।"
মঙ্গলবার ভারতে বাম-সরকার বৈঠকে আগাম নির্বাচনের আশঙ্কা কিছুটা কমে এসেছে। কিন্তু পরমাণু চুক্তি নিয়ে দীর্ঘ বিতর্কের কারণে সরকার এ চুক্তিতে বিপদের মুখে ঠেলে দিচ্ছে বলে উদ্বেগ বেড়েছে। বামরা আইএইএ প্রধানের সঙ্গে বৈঠকে জাতিসংঘের হেফাজতে ভারতে বেসামরিক পরমাণু চুল্লি বসানো নিয়ে আলোচনার ব্যাপারে সরকারকে আগেভাগেই হুঁশিয়ার করেছে।
আইএইএ'র সঙ্গে এই কন্টকাকীর্ণ বিষয়টি নিয়ে আলোচনা শুরুও ব্যাপাওে বারাদি বলেন, " এর কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি।" এর আগে মনে করা হচ্ছিল অক্টোবর মাসেই বিষয়টি নিয়ে আইএইএ'র সঙ্গে কথা বলবে ভারত। জাতিসংঘের হেফাজতে ভারতে পরমাণু চুল্লি স্থাপন করাটা ভারত-মার্কিন বেসামরিক পরমাণু চুক্তি বাস্তবায়নের প্রথম ধাপ। এ কারণেই বাম দলগুলো এতে প্রবল আপত্তি জানাচ্ছে।
ভারতের বাম দলগুলো সতর্ক করে দিয়ে বলেছে, এ সমস্ত আলোচনা নিয়ে এগুলে তারা ফেডারেল কোয়ালিশন সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নেবে। এমন হলে সরকার সংখ্যালঘু হয়ে পড়বে। ফলে ভারতে ২০০৯ সালের নির্ধারিত সময়ের আগেই নির্বাচন অনুষ্ঠান করা দরকার হয়ে পড়বে।
বামপন্থিদের কমিটি এবং সরকার পক্ষ পরমাণু চুক্তিটি নিয়ে আরও একবার আলোচনায় বসার সিদ্ধান্ত নেওয়ার একদিন পরই এল বারাদি এ চুক্তি ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অপরিহার্য বলে মন্তব্য করলেন।
রাজনৈতিক বিশ্লেষক মাহেশ রঙ্গরাজন অবশ্য বলেছেন, মঙ্গলবারের বৈঠকেইতিনি প্রথম এই আভাস পেয়েছেন যে ভারতে আগাম নির্বাচন এড়ানো অসম্ভব নয়। সরকার ধীরে চলো নীতি অনুসরণ করতে পারে। এতে করে পরমাণু চুক্তি বাস্তবায়ন আপাতত বন্ধ থাকবে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২০৫ঘ.
bdnews24