আঙ্কারা, অক্টোবর ৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মার্কিন কংগ্রেসের ভোটে তুরস্কে ১৯১৫ সালের আর্মেনিয়া হত্যাযজ্ঞকে 'গণহত্যা' হিসেবে গণ্য করলে দুু'দেশের সম্পর্কের অবনতি হবে বলে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে সতর্ক করে দিয়ে চিঠি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট আবদুল্লাহ গুল। মঙ্গলবার প্রেসিডেন্টের দপ্তর একথা জানিয়েছে।
কংগ্রেসের ফরেন অ্যাফেয়ার্স কমিটি বুধবার আর্মেনিয়া গণহত্যার বিষয়ে একটি বিল উত্থাপনের পদক্ষেপে সমর্থন দিতে পারে।
এদিকে, মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি প্যালোসি আর্মেনীয়দের দাবির একজন সমর্থক বলে পরিচিত হওয়ায় বিষয়টি ভোটাভুটিতে গড়াতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
বুশ প্রশাসন আর্মেনিয়া প্রশ্নে বিল উত্থাপনের বিরোধী হলেও বর্তমান কংগ্রেস ডেমোক্রেটদের নিয়ন্ত্রণে থাকায় তা ঠেকানো নাও সম্ভব হতে পারে বলে আশঙ্কা করছে তুরস্ক।
বুশকে আবদুল্লাহ গুলের চিঠি সম্পর্কে প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়, "আমাদের প্রেসিডেন্ট এ চিঠিতে প্রেসিডেন্ট বুশকে তার প্রচেষ্টার (এ বিল থামানোর) জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং এ ধরনের কিছু হলে দ্বিপাক্ষিক সম্পর্কে যে প্রভাব পড়তে পাওে সে বিষয়টির প্রতিও তার দৃষ্টি আকর্ষণ করেছেন।"
মার্কিন কংগ্রেসের ওই বিলের বিরোধিতা করে তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির এমপি এজেমান বাগিস বলেছেন, কংগ্রেস ওই বিলে সমর্থন দিলে ইরাকে মার্কিন সেনাদের রসদ সরবরাহে সহায়তা বন্ধ করে দেওয়া উচিৎ তুরস্কের।
প্রসঙ্গত মার্কিন মিত্র এবং ন্যাটো জোটের সদস্য তুরস্কের ইনসারলিক বিমান ঘাঁটি হয়ে মার্কিন সেনাদের রসদ বহনকারী বিমানগুলো যাতায়াত করে থাকে।
১৯১৫ সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় তুর্কি সেনা ও তাদের দোসররা প্রায় ১৫ লাখ আর্মেনীয়কে হত্যা করে বলে দাবি করে আসছেন বেশ কয়েকটি আর্মেনীয় গ্র"প এবং মানবাধিকার সংগঠন। অনেক পশ্চিমা ইতিহাসবিদের মতো কয়েকটি পশ্চিমা দেশের পার্লামেন্টও এ মতকে সমর্থন করেছে এবং বিষয়টিকে 'গণহত্যা' বলে গণ্য করছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৭২৫ ঘ.
bdnews24