লন্ডন, অক্টোবর ৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - এক কুখ্যাত যৌন-নিপীড়ককে খুঁজে বের করতে সোমবার বিরল আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল। ৬ থেকে ১২/১৩ বছর বয়সী শিশু-কিশোরদের যৌন-নিপীড়ন করে সেসবের ছবি বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে দিচ্ছে ওই ব্যক্তি। তার কুকীর্তির এরকম প্রায় ২০০ ছবি রয়েছে ইন্টারনেটে। তবে চেহারা আড়াল করতে সব ছবিতেই নিজের মুখাবয়ব বিকৃত করে রেখেছে সে।
বিশেষজ্ঞদের সহায়তায় ওই যৌন-নিপীড়কের ছবি উদ্ধার করে নিজেদের ওয়েবসাইটে তা ছাপিয়ে তাকে সনাক্ত করা এবং ধরিয়ে দেওয়ার জন্য বিশ্ববাসীর কাছে আহ্বান জানিয়েছে ইন্টারপোল। কুখ্যাত ওই যৌন-নিপীড়ক ৩০ থেকে ৩৫ বছর বয়সী একজন ইউরোপীয় বলেও ধারণা করছে সংস্থাটি।
ইনটারপোলের মহাসচিব রোনাল্ড নোবেল বলেন, "কয়েকবছর ধরে ওই লোকের শিশুদেরকে যৌন-নিপীড়নের ছবি ইন্টারনেটে ছাড়া হচ্ছে।"
তিনি বলেন, "তাকে সনাক্ত করতে এবং বিচারের আওতায় আনতে সব ধরনের চেষ্টা করেছি আমরা। কিন্তু এখন আমরা এটা বিশ্বাস করতে শুরু করেছি জনগণের সহায়তা ছাড়া তাকে খুঁজে বের করা সম্ভব না। আর তা না হলে এই বিকৃত যৌনাচারী ধর্ষণ চালিয়ে যাবে এবং ছয় থেকে বারো তেরো বছর বয়সী শিশুদেরকে তার হাত থেকে রক্ষা করা যাবে না।"
তিনি বলেন, ১৮৬টি দেশে পুলিশের নিবিড় প্রচেষ্টার পরও ওই ব্যক্তিকে সনাক্ত করা সম্ভব হয়নি।
ইন্টারপোলের ওয়েবসাইট 'ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট ইন্টারপোল ডট আইএনটি' -তে ওই ব্যক্তির ছবি পাওয়া যাবে এবং সেখানে ছাপানো ঠিকানায় তার সম্পর্কে তথ্য দেওয়া যাবে। তবে যে কেউ স্থানীয় পুলিশ সহায়তাও ইন্টারপোলকে তথ্য দিতে পারবেন।
ইন্টারপোল বলছে সম্ভবত ২০০২ এবং ২০০৩ সালের দিকে ভিয়েতনাম এবং ক্যাম্বোডিয়ায় ওই ছবিগুলো তোলা হয়েছে। ২০০৪ সালের দিকে জার্মানির পুলিশ এরকম একটি ছবির সূত্র ধরে তদন্ত শুরু করলে বিষয়টি সম্পর্কে জানতে পারেন তারা।
জার্মানির ফেডারেল পুলিশ এজেন্সি এবং ইন্টারপোলের হিউম্যান ট্র্যাফিকিং ইউনিট একত্রে ওই তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে।
তদন্ত ইউনিটের উপপ্রধান সুইডিশ পুলিশ কর্মকর্তা অ্যান্ডার্স পারসন রয়টার্সকে বলেছেন, ওই ব্যক্তি সমমনা অন্যান্যদের সঙ্গে যোগাযোগের জন্য বিভিন্ন সময় ইন্টারনেটে ছবি পোস্ট করতো। তার যৌন-নিপীড়নের ধরন এবং তার কর্মকাণ্ড থেকে এটা স্পষ্ট যে ওই ব্যক্তি বিকৃত যৌনাচারে বিশ্বাসী একজন ভয়াবহ শিশুনিপীড়ক।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৬৫০ ঘ.
bdnews24