২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাশ্মীরে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ জন নিহত, মুশাররফ অক্ষত

পাকিস্তানি প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফের কাশ্মীর সফরের সময় সোমবার তার সামরিক হেলিকপ্টার বহরের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন। নিহতরা হলেন সেনাবাহিনীর এক ব্রিগেডিয়ার, মুশাররফের ব্যক্তিগত নিরাপত্তা দলের দুই কমান্ডো এবং রাষ্ট্রীয় টেলিভিশনের এক ক্যামেরাম্যান। তবে মুশাররফ সে সময় অন্য একটি হেলিকপ্টারে থাকায় তিনি অক্ষত রয়েছেন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2007, 07:35 AM

Updated : 26 Aug 2022, 08:45 PM

ইসলামাবাদ, অক্টোবর ৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানি প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফের কাশ্মীর সফরের সময় সোমবার তার সামরিক হেলিকপ্টার বহরের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন। নিহতরা হলেন সেনাবাহিনীর এক ব্রিগেডিয়ার, মুশাররফের ব্যক্তিগত নিরাপত্তা দলের দুই কমান্ডো এবং রাষ্ট্রীয় টেলিভিশনের এক ক্যামেরাম্যান। তবে মুশাররফ সে সময় অন্য একটি হেলিকপ্টারে থাকায় তিনি অক্ষত রয়েছেন। কাশ্মীর অঞ্চলে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে এ সফরে যান মুশাররফ। সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল ওয়াহিদ আরশাদ একথা জানিয়েছেন। জঙ্গি হামলার কথা নাকচ করে দিয়ে ওই মুখপাত্র বলেন, যান্ত্রিক ত্র"টির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। তবে এ বিষয়ে তদন্ত করা হবে বলে জানান তিনি। নাশকতামূলক কিছু হলে হেলিকপ্টারটি আকাশেই বিস্ফোরিত হওয়ার কথা বলে মনে করেন তিনি। (আরও তথ্যসহ) বিধ্বস্ত হেলিকপ্টারটিতে মোট বারোজন আরোহী ছিলেন। দুর্ঘটনায় যে আটজন আহত হন তাদের মধ্যে রয়েছেন মুশাররফের মুখপাত্র অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল রশিদ কোরেশী। সেনা মুখপাত্র আরশাদ জানান, "প্রেসিডেন্ট মুশাররফ চলে যাওয়ার পর এ ঘটনা ঘটে।" তিনি বলেন, "প্রেসিডেন্ট নিরাপদে আছেন এবং ভাল আছেন। তিনি তার গন্তব্যে পৌঁেছছেন।" মুখপাত্র বলেন, "হেলিকপ্টারটির ইঞ্জিন বিকল হয়ে তা নিচে পড়ে যেতে থাকে। চালক তখন হেলিকপ্টারটিকে জরুরি অবতরণের চেষ্টা করে। এতে ল্যান্ডিং করতে পারলেও হেলিকপ্টারটিতে আগুন ধরে যায়।" পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদের ১৮ কিলোমিটার দক্ষিণের একটি উপত্যকায় একটি গ্রামে বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি। প্রত্যক্ষদর্শী ও গ্রামবাসীরা জানিয়েছেন তারা একটি বিস্ফোরণের শব্দ শুনতে পান এবং মাঠের মধ্যে আগুন ধওে যাওয়া হেলিকপ্টারটি পড়তে দেখেন। প্রত্যক্ষ্যদর্শী খতিব গারদেজি বলেন, " পাইলট দারুণ কাজ করেছেন। হেলিকপ্টারটি খুব নিচু দিয়ে বাড়িঘরের ওপর দিয়ে টলতে টলতে উড়ে যাচ্ছিল। পাইলট সেটিকে একটি খোলা মাঠের দিকে নিয়ে যায়।" তিনি বলেন, " আমি জেনারেল রশিদ কোরেশীসহ আরও কয়েকজন সেনাকে ১০/১১ ফুট উপরে থাকতেই হেলিকপ্টার থেকে লাফিযে পড়তে দেখেছি।" " বিকট শব্দ করে হেলিকপ্টারটি ধসে বিধ্বস্ত হয়। আমি এবং আরেকজন গ্রামবাসী সেনাদের সাহায্য করার চেষ্টা করি। জেনারেল কোরেশী সামান্য আহত হয়েছেন।" জেনারেল মুশাররফ এ পর্যন্ত কমপক্ষে তিনটি জঙ্গি হামলা থেকে বেঁচে গিয়েছেন। পাকিস্তানের আরেক সামরিক শাসক জেনারেল জিয়াউল হক ১৯৮৮ সালে এক রহস্যময় বিমান দুর্ঘটনায় নিহত হন। এদিকে শনিবারের প্রেসিডেন্ট নির্বাচনে অধিকাংশ ভোট পেয়ে মুশাররফ বিজয়ী হলেও আদালতের নিষেধাজ্ঞার কারণে ১৭ অক্টোবর পর্যন্ত নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা যাচ্ছে না। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৮৩০ ঘ.