লন্ডন, অক্টোবর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্রিটেনে আগাম নির্বাচনের সম্ভাবনা নাকচ করে দিতে পারেন প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন। শুক্রবার একই সঙ্গে তিনটি জনমত জরিপে দেখা যায় ব্রাউনের জনপ্রিয়তা কমে আসছে। শনিবার বিবিসি জানিয়েছে, ওই জনমত জরিপের পরিপ্রেক্ষিতে ব্রাউন এই সিদ্ধান্ত নিতে পারেন।
গর্ডন ব্রাউন গত জুনে টনি ব্লেয়ারের কাছ থেকে ক্ষমতা গ্রহণ করেন। এর কয়েক সপ্তাহ পর জনমত জরিপে দেখা যায়, জনপ্রিয়তার দিক দিয়ে ক্ষমতাসীন লেবার পার্টি কনজারভেটিভদের তুলনায় অনেক এগিয়ে আছে। এর পরিপ্রেক্ষিতে আশা করা হচ্ছিল ব্রাউন আগাম নির্বাচন দিতে পারেন। বিট্রেনে পরবর্তী নির্ধারিত নির্বাচন হবে ২০০৯ সালে।
বিরোধীদল কনজারভেটিভ পার্টির দলীয় সম্মেলন হয় গত সপ্তাহে। এর পরই বিভিন্ন জনমত জরিপে দেখা যায় তাদের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে।
শনিবার বিবিসি জানায়, তারা জানতে পেরেছে, সর্বশেষ জনমত জরিপের ফলাফল ব্রাউনকে প্রভাবিত করেছে। এর ফলে আগাম নির্বাচনের ভাবনা থেকে তিনি সরে আসতে পারেন। শিগগির তিনি এ বিষয়ে একটি বিবৃতি দেবেন বলে আশা করা হচ্ছে।
ব্রাউন যদি আগাম নির্বাচন থেকে পিছিয়ে আসেন তাহলে সেটা কনজারভেটিভ পার্টির নেতা ডেভিড ক্যামেরুনের বিজয় হিসেবে দেখা হবে। জনসমর্থনে পিছিয়ে থেকেও তিনি ব্রাউনকে চ্যালেঞ্জ করে আগাম নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।
গত শুক্রবার গার্ডিয়ান পত্রিকার জনমত জরিপে দেখা যায় লেবার পার্টি ও কনজারভেটিভ দুই দলের জনপ্রিয়তাই ৩৮ শতাংশ। দ্য টাইমস'-এর জরিপে লেবার পার্টি পায় ৩৯ এবং কনজারভেটিভ ৩৬। এছাড়া 'চ্যানেল ফোর' এর জরিপ অনুযায়ী, লেবার পার্টির জনপ্রিয়তা ৪০ শতাংশ ও কনজারভেটিভদের ৩৬ শতাংশ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২২০০ ঘ.
bdnews24