নিখোঁজ ইন্দোনেশীয় বিমানের খণ্ডাংশ উদ্ধার
১০২ জন যাত্রী নিয়ে ১০ দিন আগে নিখোঁজ হয়ে যাওয়া ইন্দোনেশিয়ার বিমানের খণ্ডাংশ এবং অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।
সুলাওয়েসি দ্বীপের পারে পারে শহরের সৈকতে বিমানটির লেজের দিকের একটি অংশ, দুইটি সিট এবং একটি লাইফ ভেস্ট র্যাপার পাওয়া যায় বলে বৃহস্পতিবার কর্মকর্তারা জানান। বিমানটি জঙ্গলে বিধ্বস্ত হয়েছে, এরকম মনে করা হলেও এতদিন পর্যন্ত এর কোনো সন্ধান পাওয়া যায়নি।
উদ্ধার অভিযানে নেতৃত্বদানকারী এডি সুয়ানতো সাংবাদিকদের জানান, খণ্ডাংশগুলো জেলেরা খুঁজে পায়। এ অংশগুলোর সাথে বোয়িং ক্যাটালগের নম্বরের মিল রয়েছে।
বিমানটির সন্ধানে সৈকতে দুই ট্রাকভর্তি সেনা মোতায়েন করা হয়েছে।
জাভার সুরাবায়া থেকে অ্যাডাম এয়ারের বোয়িং ৭৩৭-৪০০ বিমানটি মানাডো যাওয়ার পথে খারাপ আবহাওয়ায় পড়ে নিখোঁজ হয়।
