২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চন্দ্র অভিযানে যুক্তরাজ্য

২০১০ সালের মধ্যে প্রথমবারের মতো চাঁদে মনুষ্যবিহীন নভোযান পাঠাতে যাচ্ছে যুক্তরাজ্য। এ লক্ষ্যে কাজ চালাচ্ছে ব্রিটিশ কোম্পানি সারে স্যাটেলাইট টেকনোলজি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2007, 03:27 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

কোম্পানির নির্বাহী প্রধান মার্টিন সুুয়িটিং জানান, অভিযানের লক্ষ্য হচ্ছে চন্দ্রপৃষ্ঠ নিরীক্ষণ এবং সেখানে মানুষ বসবাসের উপযোগী জায়গা অনুসন্ধান।

তিনি বলেন, “নতুন নতুন ব্যবসার পথ খোলা, বৈজ্ঞানিক গবেষণার সুযোগ সৃষ্টি এবং প্রযুক্তির উন্নয়ন ঘটাতে আমরা চাঁদে অভিযানের সিদ্ধান্ত নিয়েছি।”

চাঁদে অভিযানকে তারা দুটি পর্যায়ে ভাগ করেছেন। প্রথম পর্যায়ে তথ্য সংগ্রহের জন্য কক্ষপথ থেকে চাঁদে স্যুটকেস আকৃতির চারটি শেল নিক্ষেপ করা হবে। এর নাম তারা দিয়েছেন ‘মুনলাইট’।

এটা ফলপ্রসূ হলে শুরু হবে দ্বিতীয় পর্যায়ের কাজ অর্থাৎ চাঁদে নামবে ব্রিটিশ নভোযান। এর নাম দেওয়া হয়েছে ‘মুনরেকার’।

ব্রিটেনের বিজ্ঞানমন্ত্রী ম্যালকম উইকস বিবিসিকে বলেন, “এ ধরনের গবেষণা শুধু বিজ্ঞান নয়, অর্থনৈতিক  ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এ ধরনের অভিযান চালাতে প্রচুর অর্থ প্রয়োজন। এ জন্য সারে স্যাটেলাইট টেকনোলজি ব্রিটেনের জ্যোতির্বিদ্যার গবেষণা কাজে অর্থ সহায়তাকারী প্রতিষ্ঠান অ্যাসট্রোনমি রিসার্চ কাউন্সিলের দ্বারস্থ হয়েছেন এবং তাদের সে অনুরোধ বিবেচনা করা হচ্ছে।

২০০৩ সালে মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্বের খোঁজে বিগল ২ নামে একটি মহাকাশ যান পাঠালেও তা তথ্য প্রদানে ব্যর্থ হয়।