শ্রীলংকায় আবারও বাসে বোমা হামলা : নিহত ৯
শ্রীলংকার পেরালিয়ায় বাসে বোমা হামলায় শনিবার কমপক্ষে ৯ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছেন। গতকাল কলম্বোর কাছে একটি বাসে বোমা বিস্ফোরণে ৬ জন নিহত হওয়ার পরদিনই আবারো যাত্রীবাহী বাস লক্ষ্য করে এ বোমা হামলা চালানো হল। একে তামিল টাইগারদের আত্মঘাতী বোমা হামলা বলে সন্দেহ করছে পুলিশ।
কলম্বোর ৭০ কিলোমিটার দূরে উপকূলীয় পেরলিয়া শহরে শনিবার সকালে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এক নারী তামিল টাইগার গেরিলা এ হামলা চালিয়েছে বলে মনে করছে পুলিশ। বিস্ফোরণে বাসের ৮ যাত্রীসহ ওই আত্মঘাতী হামলাকারী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরো ৫০ জনের মতো।
চিফ ইন্সপেক্টর অফ পুলিশ এইচ এম ইদ্রিসুরিয়া বলেন, “ঘটনাস্থলে একজন নারীর শরীরের অর্ধেকটা পাওয়া গেছে। ওই নারীই আত্মঘাতী হামলাকারী বলে মনে করছি আমরা।”
সাম্প্রতিক সময়ের কয়েকটি হামলা এবং সর্বশেষ পরপর দু’দিন যাত্রীবাহী বাসে বোমা হামলার প্রেক্ষিতে জেনস ডিফেন্স উইকলি’র বিশ্লেষক ইকবাল আথাস বলেছেন, “তামিল টাইগাররা এখন বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তুুতে পরিণত করছে, এটা খুবই উদ্বেগের বিষয়।”
