গাজায় হামাস বাহিনীকে অবৈধ ঘোষণা করেছেন আব্বাস
—গাজায় হামাসের নিরাপত্তা বাহিনীর অবস্থানকে অবৈধ ঘোষণা করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। শনিবার তার এ ঘোষণার পরই সেখানে আবার রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে।
আব্বাসের ঘোষণাকে উপেক্ষা করে হামাসের “এক্সিকিউটিভ ফোর্স” গাজায় তাদের সদস্য সংখ্যা দ্বিগুন করে ১২ হাজারে উন্নীত করবে বলে পাল্টা ঘোষণা দিয়েছে। গত মার্চে সরকার গঠনের পর হামাস এই বাহিনী গঠন করে। আব্বাস এই বাহিনীর সদস্যদের আগে থেকেই থাকা অন্য বাহিনীগুলোর সঙ্গে একীভূত হওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু হামাস ওই নির্দেশ কানে তোলেনি।
সম্প্রতি গাজা উপত্যকায় হামাসের বাহিনী ও আব্বাসের অনুগত নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকটি বন্দুক যুদ্ধ হয়েছে। আব্বাসের এক সময়ের প্রভাবশালী ফাতাহ দলও অংশ নেয় বন্দুক যুদ্ধে।
আব্বাসের অফিস থেকে শনিবার এক বিবৃতিতে বলা হয়, “ফিলিস্তিনি কতৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এক্সিকিউটিভ ফোর্সকেÑএর অফিসার ও সাধারণ সদস্যদের অবৈধ ও বেআইনী ঘোষণা করেছেন।” ঘোষণায় আরো বলা হয়, আব্বাসের আগের নির্দেশ না মানা পর্যন্ত হামাসের এই বাহিনী গাজায় অবৈধ বিবেচিত হবে।
এই বিবৃতি প্রচারের কয়েক ঘণ্টার মধ্যেই হামাসের মুখপাত্র ইসলাম শাওয়ান বলেন, “এক্সিকিউটিভ ফোর্সের সদস্যসংখ্যা ৬ হাজার থেকে ১২ হাজার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা সকল সচেতন নাগরিকদের আমাদের বাহিনীতে যোগ দেওয়ার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি।”
