কাবুলে আত্মঘাতী বোমা হামলায ১২ জন নিহত, আহত ৫৪
আফগান রাজাধানী কাবুলে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের কাছে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১২ ব্যক্তি নিহত হয়েছে। আহত হয় ৫৪ জন।
পুলিশ জানায়, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সকালের কর্মব্যস্ত সময় মন্ত্রনালয় ভবনের বাহিরে একটি গেটে আত্মঘাতী হামলাকারী তার শরীরে বাঁধা বিষ্ফোরকের বিষ্ফোরণ ঘটায়। সে সময় কর্মকর্তা-কর্মচারীরা অফিসে আসছিলেন।
কাবুলের সিআইডি প্রধান আলিশাহ পাক্তিওয়াল বার্তা সংস্থা এএফপির কাছে একে আত্মঘাতী বোমা হামলা হিসাবে অভিহিত করেন। তিনি বলেন, হামলায় নিহত এবং আহতের সংখ্যা অনেক। কিন্তু আমরা এখনই সঠিক সংখ্যা বলতে পারছিনা। কারণ আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা লাল আগা এএফপিকে বলেন, আমি আমার চার সহকর্মীর লাশ দেখেছি, যারা হামলায় নিহত হয়েছেন।
কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছেনা। কিন্তু হামলার ধরন দেখে মনে হচ্ছে এটা তালেবান জঙ্গীদের কাজ হলেও হতে পারে।
