পাকিস্তান বন্দী বিক্রি করছে মার্কিন বাহিনীর কাছে : অ্যামনেস্টি
আইনী কোন প্রক্রিয়া ছাড়াই সন্ত্রাসের সাথে জড়িত সন্দেহে শত শত ব্যক্তিকে পাকিস্তান আটক করে রেখেছে বলে অবিযোগ করেছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
মানবাধিকার সংস্থাটি বলছে, আটক ব্যক্তিদের ওপর নানা ধরনের নির্যাতন চালানো হচ্ছে। কাউকে কাউকে বিক্রি করে দেয়া হচ্ছে মার্কিন সেনা বাহিনীর কাছে। অনেকে আবার স্রেফ হাওয়ায় মিলিয়ে যাচ্ছে, কোনও চিহ্নই পাওয়া যাচ্ছে না তাদের। বন্দীদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের যুক্তরাজ্য সফরকালে অ্যামনেস্টি এক প্রতিবেদনে এই অভিযোগ তুললো।
প্রতিবেদনে বলা হয়,সন্দেহভাজন সন্ত্রাসীদের আটকের সময় কঠোর গোপনীয়তা অবলম্বন করা হয় বলে এ সব বন্দীশালায় ঠিক কত জন আটক রয়েছে তা জানা প্রায় অসম্ভব।
মানবাধিকার সংগঠনটি জেনারেল মোশাররফের প্রতি অবৈধভাবে আটক করার এই প্রক্রিয়া বন্ধ করার জন্য বন্দীদের নাম ও পরিচয়ের একটি তালিকা তৈরি করার আহ্বান জানায়।
এর আগে পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি গবেষণা প্রতিবেদনের তীব্র সমালোচনা করেন। পাকিস্তান আল-কায়েদা এবং আফগান তালেবান জঙ্গীদের পরোক্ষে সমর্থন ও সাহায্য দিচ্ছে বলে প্রতিবেদনটিতে অভিযোগ করা হয়।
অ্যামনেস্টির গবেষক অ্যান্জেলিকা পাঠক বলছেন,যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার আগে গোপনে আটকের ঘটনা পাকিস্তানে ঘটতো না বললেই চলে। কিন্তু পাকিস্তানে এখন এ ধরনের ঘটনা প্রতিনিয়ত বাড়ছে।
