আমেরিকা পাকিস্তানে বোমা হামলার হুমকি দিয়েছিল : জে. মোশাররফ
আল-কায়েদার বিরুদ্ধে লড়াইয়ে যোগ না দিলে মার্কিন যুক্তরাষ্ট্র তার দেশের ওপর বোমা হামলার হুমকি দিয়েছিল বলে দাবি করেছেন পাকিস্তানি প্রেসিডেন্ট জে. পারভেজ মোশাররফ।
বৃহস্পতিবার সিবিএস টেলিিেভশনকে দেওয়া এক সাক্ষাৎকারে জে. মোশাররফ এ কথা জানান।
তিনি জানান, পাকিস্তানি গোয়েন্দা প্রধানকে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড আর্মিটেজ এ হুমকি দিয়েছিলেন।
তবে তিনি বলেন, দেশের স্বার্থেই তিনি ওই লড়াইয়ে যোগ দিয়েছিলেন।
বিভিন্ন বার্তা সংস্থা আজ শুক্রবার এ খবর দেয়।
জে. মোশাররফ বলেন, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ওপর সন্ত্রাসী হামলার পর দেশটি পাকিস্তানের কাছে ‘হাস্যকর’ কিছু দাবি জানায়।
তিনি বলেন, গোয়েন্দা প্রধান আমাকে জানান যে আর্মিটেজ তাকে বোমা হামলার জন্য হুমকি দিয়ে বলেছিলেন আদিম পাথর যুগে ফিরে যাওয়ার জন্য তৈরি থাকুন। আর্মিটেজ এও দাবি করেন যে যুক্তরাষ্ট্রের ওপর হামলার ঘটনায় পাকিস্তানিরা যে খুশি হয়েছিল দেশটির সরকার তা গোপন করার চেষ্টা করে। আমি মনে করি এই মন্তব্য খুবই অসম্মানজনক। তবে আমরা কারো মত প্রকাশের স্বাধীনতায় বাধা দিতে পারে না।
তিনি আরো জানান, আফগানিস্তানে হামলা চালানোর জন্য আর্মিটেজ পাকিস্তানের সীমান্ত ফাঁড়িগুলো ব্যবহার করতে দেওয়ার দাবি জানিয়েছিলেন। তার পরিবর্তে জে. মোশাররফ পাকিস্তানের বিমানঘাঁটি ব্যবহারের অনুমতি দেন এবং গোয়েন্দা তথ্য লেনদেনে রাজি হন।
তবে তার ওই সাক্ষাৎকার সম্পর্কে হোয়াইট হাউজ ও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানায়।
জে. মোশাররফের আজই মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের সাথে হোয়াইট হাউজে বৈঠক করার কথা। ধারণা করা হচ্ছে দেশের অভ্যন্তরে ক্রমবর্ধমান বিরোধিতার কারণে জে. মোশাররফ যুক্তরাষ্ট্রের সাথে ইচ্ছাকৃতভাবে দূরত্ব তৈরি করছেন।
