এশিয়ায় শরণার্থী সমস্যা পর্যবেক্ষণ করতে আসছেন মার্কিন কর্মকর্তা
মার্কিন যুক্তরাষ্ট্রের শরণার্থী বিষয়ক ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলেন সোয়েরব্রে আগামী সপ্তাহে মালয়েশিয়া, থাইল্যান্ড এবং বাংলাদেশ সফরে আসছেন।
যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংখ্যা, শরণার্থী এবং অভিবাসন বিষয়ক সহকারী সচিব ইলেন সোয়ারব্রে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার অ্যান্টোনিও গুটারেসের সঙ্গে থাইল্যান্ড সফর করবেন বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।
আগস্টের ২১ তারিখ থেকে ২রা সেপ্টেম্বর পর্যন্ত এশিয়ার এই তিনটি দেশ সফর করবেন সোয়েরব্রে।
সফরকালে তিনি এই তিনটি দেশের শরণার্থী সংক্রান্ত আইন এবং কার্যক্রম পর্যবেক্ষণ করবেন বলে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
সোয়েরব্রে এই তিনটি দেশে মার্কিন অর্থায়নে পরিচালিত বিভিন্ন সংস্থার শরণার্থী সংক্রান্ত কর্মসূচি পর্যালোচনা এবং এসব সংস্থার কর্মকর্তাদের সাথে সাক্ষাত করবেন।
থাইল্যান্ডে মায়ানমারের ১ লাখ ৪০ হাজার শরর্ণাথী রয়েছে। এছাড়া, প্রতিবেশী দেশ লাওস থেকে আসা কয়েকহাজার মং আদিবাসী থাইল্যান্ডে বাস করে।
সামরিক জান্তার ভয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা শরণার্থীরা থাইল্যান্ডের সীমান্ত সংলগ্ন নয়টি ক্যাম্পে মানবেতর জীবন যাপন করছে। এদের অনেকেই ২০ বছরের অধিক সময় ধরে থাইল্যান্ডের এসব ক্যাম্পে বাস করছেন।
থাইল্যান্ডে মং আদিবাসীদের জন্যও বেশ কয়েকটি ক্যাম্প রয়েছে।
ভিয়েতনামে যুদ্ধের সময় কিছু সংখ্যক মং আদিবাসী মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যোগ দিয়ে ‘সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি’ নামে একটি গোপন সেনাবাহিনী গড়ে তোলে।
১৯৭৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্র ভিয়েতনাম যুদ্ধে পরাজয় স্বীকার করার পর বহু মং আদিবাসী নিরাপত্তার তাগিদে থাইল্যান্ডে আশ্রয় নেয়।
