জরুরিভিত্তিতে লেবাননে আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে চেষ্টা করছে জাতিসংঘ
জাতিসংঘ লেবাননে অবিলম্বে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আগামী ১০-১২ দিনের মধ্যে দক্ষিণ লেবাননে বহুজাতিক বাহিনী মোতায়েন করা সম্ভব হবে বলে জানিয়েছেন জাতিসংঘের একজন উর্ধ্বতন কর্মকর্তা।
এছাড়া, মুসলিম বিশ্ব দক্ষিণ লেবাননে সৈন্য পাঠিয়ে বহুজাতিক বাহিনীকে সহযোগিতা করবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
লেবাননে বহুজাতিক বাহিনীর ৩,৫০০ জনের প্রথম দলটি পাঠাচ্ছে ফ্রান্স।
জাতিসংঘের যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী লেবাননে ১৫,০০০ আন্তর্জাতিক শান্তিরক্ষী মোতায়েন করা হবে।
এদিকে, লেবাননের প্রতিরক্ষামন্ত্রী ইলিয়াস মার দক্ষিণ লেবাননে এ সপ্তাহের মধ্যে তাদের ১৫,০০০ সৈন্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন।
ইসরায়েল- লেবানন যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার দ্বিতীয় দিনেও গৃহহীন বহু লেবাননী যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ লেবাননে ফিরে আসছেন।
ইসরায়েল অবশ্য এখনি তাদের দক্ষিণ লেবাননে ফিরে আসা ঠিক হচ্ছেনা বলে বলে সতর্ক করে দিয়েছে।
প্রথম পর্যায়ে পাঠানো বহুজাতিক বাহিনীর এই দলটি ইসরায়েলি আগ্রাসন শুরুর সময় থেকে লেবাননে নিয়োজিত জাতিসংঘের পুর্বের দলটির সাথে যোগ দেবে বলে জানা গেছে।
দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহারের পর আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী সেখানে অবস্থান নেবে এবং পরবর্তীতে লেবাননের সেনাবাহিনীর কাছে দায়িত্ব হস্তান্তর করবে।
তবে জাতিসংঘের ঐ কর্মকর্তা আন্তর্জাতিক শান্তিরক্ষীবাহিনীতে যোগদানের জন্য একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া অন্য কোনো দেশ তাদের সেনাবাহিনী পাঠানোর আগ্রহ দেখাচ্ছেনা বলে জানিয়েছেন।
লেবাননে বহুজাতিক বাহিনী মোতায়েন প্রক্রিয়া বিলম্বিত হলে দেশটিতে আবারো ইসরায়েল হামলা চালাতে পারে বলে সমর বিশেষজ্ঞরা ধারনা করছেন।
