জাতিসংঘের যুদ্ধবিরতি প্রস্তাব কার্যকর সোমবার থেকে
ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যেকার সংকট নিরসনের জন্য জাতিসংঘে নেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব সোমবার থেকে কার্যকর হবে । লেবানন ও ইসরাইলের প্রধানমন্ত্রীদের সাথে আলোচনার পর জাতিসংঘ মহাসচিব কফি আনান এ ঘোষণা দিয়েছেন।
খবর বিভিন্ন বার্তা সংস্থার।
অবশ্য রোববার পর্যন্ত ইসরাইলের যুদ্ধ চালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
হিজবুল্লাহর নেতা শেখ হাসান নাসরাল্লাহ এক টেলিভিশনে সাক্ষাৎকারে বলেন শুক্রবার জাতিসংঘে সর্বসম্মতভাবে এ প্রস্তাব পাশ হওয়ায় তার দলও এ প্রস্তাব মেনে নেবে। তবে তিনি সতর্ক করে দেন য়ে ইসরাইলি সৈন্যরা যতদিন পর্যন্ত লেবাননে থাকবে ততদিন তারা যুদ্ধ চালিয়ে যাবেন। বর্তমানে দক্ষিণ লেবাননে ইসরাইলের প্রায় ৩০ হাজার সৈন্য রয়েছে।
আপাতত যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিলেও লেবাননের প্রধানমন্ত্রী ফুয়াদ সিনিওরা বলেন যে প্রস্তাবের কিছু বিষয়ে তাদের আপত্তি রয়েছে। লেবাননের কর্মকর্তারা জানিয়েছেন যে যুদ্ধবিরতির পর দক্ষিণ লেবাননে কেবল লেবাননি সৈন্যরাই অস্ত্র বহন করতে পারবে।
সিনিওরা আরও বলেন চুক্তি অনুযায়ী লিতানি নদীর দক্ষিণাঞ্চল থেকে হিযবুল্লাহ বাহিনী সরে গেলে সেখান থেকেও সব সেনাদের সরিয়ে নিতে হবে।
এদিকে কফি আনান জানান যে যুদ্ধ বিরতি নিশ্চিত করার জন্য লেবানন ও ইসরাইলের সরকারকে সহায়তা করবে জাতিসংঘ।
যুদ্ধ বন্ধের প্রতি জোর দেওয়ার পাশাপাশি সাম্প্রতিক এ সহিংসতা সৃষ্টির জন্য দায়ী কারণগুলো চিহ্নিত করার প্রয়োজনীয়তার কথাও বলেছে নিরাপত্তা পরিষদ।
রোববার যুদ্ধ বন্ধের এ প্রস্তাব নিয়ে ইসরাইলের সংসদে আলোচনা এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। হিজবুল্লাহ পরিচালিত আল-মানার টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে নাসরাল্লাহ জাতিসংঘের এ প্রস্তাবকে অনৈতিক বলে উল্লেখ করেন। তবে তিনি নিশ্চিত করেন যে লেবাননের সরকারের নেওয়া কোন সিদ্ধান্তের ক্ষেত্রেই তারা বাধা হয়ে দাঁড়াবেন না।
নাসরাল্লাহ আরও বলেন যে সেদেশের দক্ষিণাঞ্চলে জাতিসংঘ ও লেবানন যে অতিরিক্ত সৈন্য মোতায়েন করবে তাদের সহায়তা করবে তার দল।
১২ই জুলাই হিজবুল্লাহ ইসরাইলের দুই সৈন্যকে অপহরনের পর থেকে শুরু হওয়া এ যুদ্ধের ফলে ১০০০ এর বেশি লেবাননি এবং ১২০ এর বেশি ইসরাইলি মারা গেছে।
