২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৪০ জন নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলের কায়ানা শহরে ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2006, 06:09 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

প্রাথমিক খবরে জানা যায়, পরিবারগুলো মাটির নিচে একটি ঘরে আশ্রয় নিয়েছিল। কিন্তু ক্ষেপণাস্ত্রটি সরাসরি সেখানে আঘাত করায় তা ধূলার সাথে একেবারে মিশে যায়। সাংবাদিকরা জানান, হামলার পর বেঁচে যাওয়া লোকজনের আর্ত চিৎকারে কান রাখাই দায় হয়ে পড়ে। অনেককেই ধ্বংসাবশেষের ভিতর থেকে সাহায্যের জন্য হাত নাড়তে দেখা গেছে।

ইসরায়েল জানায়, এই হামলার দায় - দায়িত্ব হিজবুল্লাহ গেরিলারাদেরই নিতে হবে। কারণ তারা এই গ্রামটি রকেট হামলার জন্য বেছে নিয়েছিল।

দক্ষিণ লেবাননে শিয়া জঙ্গি ও ইসরায়েলি সৈন্যদের মধ্যে যখন তুমুল যুদ্ধ চলছে ঠিক সেই মূহুর্তে এই হামলার ঘটনা ঘটে। 

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস দ্বিতীয়বারের মতো মধ্যপ্রাচ্য সফর করছেন।  ইসরায়েল এবং লেবাননের নেতাদের সাথে তার বৈঠক করার কথা রয়েছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট জানান, এই অঞ্চলেইনজেদের অভিষ্ট লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ইসরায়েল যুদ্ধবিরতির জন্য মোটেও তাড়াহুড়ো করছে না।

জাতিসংঘ জানায়, লেবাননে প্রায় তিন সপ্তাহ আগে শুরু হওয়া এ যুদ্ধে এ পর্যন্ত ছয় শতাধিক লোক নিহত হয়েছে। এর মধ্যে প্রায় এক তৃতীয়াংশই শিশু। 

এ ছাড়া কমপক্ষে ১৮জন বেসামরিক নাগরিকসহ ৫১ জন ইসরায়েলি সেনাও নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার খুব ভোরে ঘুমন্ত মানুষের ওপর এই হামলায় বেশ কিছু স্থান ধূলায় মিশে গেছে।

হামলায় বেঁচে যাওয়া একজন জানান, হামলাটি এতটাই তীব্র ছিল যে কেউ নড়াচড়াও করতে পারেনি।