২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুতের অভাবে অন্ধকারে রয়েছে আমেরিকাবাসী

যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকার লোকজন বিদ্যুৎ না থাকায় দুর্বিষহ জীবন যাপন করছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2006, 10:27 AM

Updated : 26 Apr 2022, 03:49 PM

তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় বিদ্যুৎ সরবরাহে সমস্যা দেখা দিয়েছে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।

ক্যালিফোর্নিয়ায় তাপমাত্রা বৃদ্ধি পেয়ে ৫০ সেলসিয়াসে (১২২ ফারিনহাইট) পৌঁছেছে এবং এর ফলে আটজনেরও বেশি ব্যক্তি মারা গেছে বলে আশংকা করা হচ্ছে।

বর্র্ধিত চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করতে না পারায় এ সমস্যা দেখা দিয়েছে।

গত সপ্তাহের উচ্চ তাপমাত্রা এবং ঝড়ের পর থেকেই ক্যালিফোর্নিয়া, মিসৌরি ও নিউইয়র্ক অন্ধকারে নিমজ্জিত রয়েছে।

ক্যালিফোর্নিয়ার প্রায় এক লাখ গ্রাহক বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়াও মিসৌরির সেন্ট লুইসের প্রায় ২ লাখ ৩০ হাজার ঘরবাড়ি এবং ব্যবসায় প্রতিষ্ঠান বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।

নিউইয়র্কের বিদ্যুৎ কর্মীরা ২২,০০০ জন গ্রাহককে বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম হয়েছে যারা পুরো সপ্তাহ বিদ্যুৎহীন অবস্থায় ছিল।

নিউইয়র্কের অধিবাসীরা এক সপ্তাহ ধরে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।

তীব্র এ গরমের কারনে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে ২০ জনেরও বেশি লোক মারা গেছে।

দেশটির বিভিন্ন অংশে যেখানে তাপমাত্রা অনেকটাই কমে গেছে সেখানে ক্যালিফের্নিয়ার আবহাওয়া এ সপ্তাহেও উষ্ণ রয়েছে।

সোমবার কেন্দ্রীয় ও উত্তর ক্যালিফোর্নিয়ায় তাপমাত্রা ছিল ৪৪ সেলসিয়াস (১১১ ফারেনহাইট)। আবহাওয়া অফিস জানিয়েছে এ সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত তাপমাত্রা বেশি থাকবে। সপ্তাহান্তে জনগন কাজে ফেরত গেলে আরও বিদ্যুৎ সংকট দখা দিতে পারে বলেও আশংকা করা হচ্ছে।