২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাই বোমা হামলা: তিনজন আটক

ভারতের মুম্বাই নগরীর কয়েকটি রেলস্টেশনে ১১ জুলাই ধারাবাহিক সন্ত্রাসী বোমা হামলার সাথে জড়িত থাকার দায়ে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। শুক্রবার পুলিশের ডিআইজি জগজিৎ সিং এ তথ্য জানান।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2006, 02:28 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

বিহার থেকে দু’জন এবং মুম্বাই থেকে একজনকে আটক করা হয়েছে বলেছে ডিআইজি জানান। তবে এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।

মহারাষ্ট্র সন্ত্রাস বিরোধী স্কোয়াড (এটিএস) এবং গোয়েন্দা শাখা (আইবি) যৌথভাবে বিহারের মধুবন জেলা থেকে দু’জন সন্দেহভাজনকে আটক করে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

বিহার পুলিশ সূত্রে জানা গেছে, কালুয়াহি পুলিশ স্টেশন এলাকায় অবস্থিত মলমল গ্রাম থেকে খালিদ আজিজ নামে একজনকে আটক করেছে পুলিশ। অপর সন্দেহভাজক মোহাম্মদ কামালকে বাসোপত্তি বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

তাদের বিশেষ বিমানে করে পাটনা থেকে মুম্বাইয়ে নিয়ে আসা হয়।

অপরদিকে গয়া জেলার পুলিশ মোহাম্মদ আকরাম নামে একজন সন্দেহভাজক যুবককে মোহনপুর পুলিশ স্টেশন এলাকার ধনগ্রা গ্রাম থেকে আটক করে।

পুলিশ জানায়, তার চেহারা টিভিতে প্রদর্শিত সন্দেহভাজন এক হামলাকারীর কল্পিত চেহারার সঙ্গে মিলে যায় ।