ইসরাইলের পদাতিক বাহিনী লেবাননে প্রবেশ করেছে
আরও কয়েক সপ্তাহ ধরে হিজবুল্লাহ গেরিলাদের সাথে যুদ্ধ করতে প্রস্তুত বলে ইসরাইল সোমবার ঘোষনা দিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে বুধবার সকালে ইসরাইল লেবাননের দক্ষিনাঞ্চলে আরও কিছু সৈন্য প্রেরণ করেছে সেখানে টানেল ও অস্ত্র খুঁজে বের করার জন্য।
এতে করে গত কয়েকদিন ধরে ইসরাইল ও লেবাননের মধ্যে চলা সহিংসতা বন্ধের জন্য আন্তর্জাতিক সম্প্রদায় যে উদ্যোগ নিয়েছিল তা সফল হবে কিনা তাতে সন্দেহ দেখা দিয়েছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
এদিকে ক’টনৈতিক তৎপরতা সত্ত্বেও ইসরাইল তাদের এ সহিংসতা বন্ধের কোন উদ্যোগ নেয়নি বরং হিজবুল্লাহকে ধ্বংসের একমাত্র উপায় হিসেবে সহিংসতা চালিয়ে যাচ্ছে। ২০০০ সালে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরাইল সৈন্য সরিয়ে নেওয়ার পর ইসলামিক জঙ্গিরা নিজেরা শক্তিশালী হতে শুরু করে।
মঙ্গলবার বৈরুত ও দক্ষিণ লেবাননের অন্যান্য এলাকায় ইসরাইলি যুদ্ধবিমান হামলা চালানোয় ২৭ জন ব্যক্তি মারা যায়। একই দিনে ইসরাইলি শহরে হিজবুল্লাহ রকেট হামলা চালানোয় এক ব্যক্তি মারা যায়। এদিকে বুধবার সকালে বৈরুতে পরপর পাঁচটি বড় ধরনের বিস্ফোরন ঘটানো হয় এবং রাজধানীর পূর্ব ও দক্ষিণাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
ইসরাইল দক্ষিন লেবাননে ব্যাপক সংখ্যক পদাতিক বাহিনী পাঠাতে পারে এমন ঘোষনা দেওয়ার একদিন পরেই এ হামলা চালিয়েছে তারা। তবে ইসরাইলে নিযুক্ত জাতিসংঘের রাষ্ট্রদূত ডেন গিলারম্যান বুধবারের এ হামলাকে ইসরাইলের আগে দেওয়া কোন ঘোষনার অংশ নয় বলে জানিয়েছেন।
তিনি বলেন যে এখন যেটা ঘটছে তা হল ইসরাইলের ব্যাপক সংখ্যক পদাতিক বাহিনী লেবাননের সীমান্তের কাছাকাছি অবস্থান করছে এবং তারা হিজবুল্লার কিছু সৈন্য ফাঁড়িকে ধ্বংসের চেষ্টা চালাচ্ছে।
শত শত আমেরিকান ও ইউরোপিয়ান লেবানন ছেড়ে চলে গেছে এবং আরও শত শত বিদেশী দেশে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। অনেক আমেরিকান অভিযোগ করেছে যে তাদের দেশে ফিরে যাওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের ভূমিকা খুবই ধীর গতির। এ ব্যাপারে কংগ্রেস সমালোচনা করার পর স্টেট ডিপার্টমেন্ট সেদেশ থেকে আমেরিকানদের ফিরিয়ে আনতে অর্থ প্রদানে সম্মত হয়েছে।
উল্লেখ্য এক সপ্তাহের বেশি সময় ধরে চলা এ সহিংসতায় ২৬০ জনেরও বেশি ব্যক্তি মারা গেছে এবং প্রায় পাঁচ লাখ মানুষ পালিয়ে গেছে।
